উদ্যোগীদের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তিন শিক্ষার্থী হংকং থেকে বয়ে আনলেন দেশের জন্য গৌরব। হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘পলি ইউ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনরশিপ গ্লোবাল স্টুডেন্ট চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় ২১টি দেশের ৬০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে লড়াই করে ব্রোঞ্জ পদক পায় নুসরত তামান্না, ফাইয়াক জামান ও আসিফ ইকবাল মিলে গঠিত ‘রিবর্ন’ দলটি। তাঁরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।১১ থেকে ১৬ জুন অনুষ্ঠিত তিন রাউন্ডের শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর বিশ্ববিদ্যালয়-পর্যায়ে স্বর্ণ জয় করে আমেরিকান পারডু বিশ্ববিদ্যালয় এবং রৌপ্য অর্জন করে হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়।এ বছর বিশ্বের ২১টি দেশের মোট ৬০টি দল বিশ্ববিদ্যালয়-পর্যায়ে অংশ নেয়। এই ৬০টি থেকে ছয়টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।প্রতিযোগিতাটিতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, পারডু বিশ্ববিদ্যালয়, জনস হপকিন্স, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, কার্নেগি মেলন, ইউনিভার্সিটি অব ম্যানটেস্টান, ইউটিএস অস্ট্রেলিয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরসহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেয়।বাংলাদেশের দল ‘রিবর্ন’ যে আইডিয়াটির কারণে পুরস্কৃত হয়, সেটি হচ্ছে জাত্রফা থেকে কম দামি, অধিক কার্যক্ষম ও পরিবেশবান্ধব বায়োডিজেল, বায়োসার তৈরি ও বাজারজাতকরণ। প্রকল্পটি মূলত বায়োডিজেল ও বায়োসার তৈরি করে কৃষকের ব্যবহূত সার ও তেলের দাম কমিয়ে আনতে চায়।দলটি তাদের পণ্যের ভোক্তা হিসেবে বাংলাদেশের দরিদ্র কৃষক এবং ডিজেলচালিত পাম্প ব্যবহারকারীদের নির্বাচন করেছে। দলটি কৃষকদের অনুর্বর জমিতে জাত্রফা চাষ করার জন্য বিনা সুদে ক্ষুদ্রঋণ সরবরাহ করে এই প্রকল্প বাস্তবায়ন করবে। কৃষকদের প্রথম দুই বছর বীজ ও সার সরবরাহ করা হবে ঋণ হিসেবে। পরে তাঁরা জাত্রফার বীজ বিক্রি করে এই ঋণ শোধ করতে পারবেন।প্রতিযোগিতায় পুরো সপ্তাহ হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন নানা সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়। ২১টি দেশের শিক্ষার্থীরা পরস্পরের অভিজ্ঞতা বিনিময় ছাড়াও ওসান পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন।