উনি পলাতক তবে...
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির পলাতক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ অজ্ঞাত স্থান থেকে ছুটির জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (এলজিআরডি) কাছে আবেদন করেছেন। ডাকযোগে পাঠানো আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরাসরি দিতে গিয়ে ৬ জানুয়ারি চেয়ারম্যানের দপ্তরের দুই কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পলাতক চেয়ারম্যান তোফায়েলের সঙ্গে যোগাযোগ ও রামু বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় যোগসাজস থাকার সন্দেহে করণিক মোজাফ্ফর আহমদ ও গাড়ি চালক নূরুল আবছারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ স্বীকার করেছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে রামু বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে তোফায়েল আহমদের নাম আসে। তদন্ত কমিটির প্রতিবেদনের সংবাদ গত ৩০ অক্টোবর প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে পলাতক থাকা সত্ত্বেও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মঞ্চে আকস্মিক দলবল নিয়ে হাজির হয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বক্তব্য দেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা সেই সময়ে তোফায়েলের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা নেই বললেও এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা নেওয়া হয়।নাইক্ষ্যংছড়ির ইউএনও আহমেদ জামিল চেয়ারম্যান তোফায়েলের ছুটির দরখাস্তের কথা স্বীকার করে জানিয়েছেন, তিনি ১৫ ডিসেম্বর স্বাক্ষর করা এক দরখাস্তে অসুস্থ বলে উল্লেখ করে চিকিৎসার জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের ছুটি চেয়েছেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে ইউএনও জানিয়েছেন।উপজেলা পরিষদের সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ আত্মগোপনে থাকলেও ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি দাপ্তরিক কার্যক্রম নিয়মিত চালিয়েছেন। বিভিন্ন নথিপত্রে নিয়মিত স্বাক্ষরও করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সালাম গ্রহণের পর তোলপাড় হলে তাঁর দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বান্দরবান ও কক্সবাজারের প্রশাসনের অনেক কর্মকর্তার সঙ্গে তোফায়েলের এখনো যোগাযোগ রয়েছে। এজন্য তাঁকে গ্রেপ্তারে কোনো তৎপরতাও দেখা যায় না। নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) অমিত বড়ুয়া বলেছেন চেয়ারম্যানের দপ্তরের তিন কর্মচারীকে প্রথমে আটক করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে মোজাফ্ফর ও নূরুল আবছারের সঙ্গে তোফায়েলের যোগাযোগ থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আরেকজনের কাছ থেকে সন্দেহজনক কোনো তথ্য না পাওয়ায় ছেড়ে দিয়ে দুইজনকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম তোফায়েল আহমদের ছুটির দরখাস্তের অনুলিপি পেয়েছেন বলে স্বীকার করেছেন। তোফায়েল ছুটি পাবেন কি পাবেন না তা বিবেচনা করবে এলজিআরডি মন্ত্রণালয়। তবে তোফায়েলের এ ব্যাপারে সচিবের কাছে তিনি প্রতিবেদন পাঠাবেন বলে জানান।