উনি মোটেও স্মার্ট নন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম।
মেহতাব খানম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
১৩ বছর বয়সে একজন ৩৩ বছর বয়সী লোকের সঙ্গে আমার বিয়ে হয়। বুঝতেই পারছেন আমি তখন শিশু। কিন্তু ওই লোক ও আমার মায়ের যোগসাজশে বিয়েটা হয়। আমাদের এখন দুটি সন্তান। উনি প্রবাসী। তবে উনি মোটেও স্মার্ট নন। বর্তমানে তাঁর বয়স ৪৫, আমার ২৫। আমি তাঁকে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারি না। আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। মনে হয় আমার জীবনের সব শেষ। প্রতিনিয়ত চরম মানসিক হতাশায় ভুগছি। আমার বাবার পরিবার উচ্চ মধ্যবিত্ত।
সাথী (ছদ্মনাম) লক্ষ্মীপুর।
পরামর্শ
তোমার মা কী কারণে তোমাকে শিশু বয়সে ২০ বছরের বড় একটি মানুষের সঙ্গে বিয়ে দিলেন, তা জানি না। তিনি কি পরে বুঝতে পেরেছিলেন যে এতে তোমার প্রতি কতটা অন্যায় করা হয়েছে? আমাদের দেশে এখনো মেয়ে সন্তানকে বোঝা হিসেবে দেখা হয়। আর যদি বাবার আর্থিক অবস্থা ভালো না থাকে, তাহলে অল্প বয়সেই মেয়েটিকে অন্যের পরিবারে পাঠিয়ে অনেকেই ভারমুক্ত হতে চায়। তোমার বাবার পরিবার উচ্চ মধ্যবিত্ত হওয়ার পরও কেন এমন করা হলো, তা একেবারেই বোধগম্য হচ্ছে না। তোমার স্বামীর প্রবাসে থাকাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই কি বয়সটা বিবেচনায় আনা হয়নি? বিয়ে দেওয়ার সময় তোমার বাবার তো একটি ইতিবাচক ভূমিকা থাকতে পারত।
দুটি সন্তান নিয়ে তুমি হয়তো অতীত আর ভবিষ্যতের কথা ভেবে হতাশার সঙ্গে বিষণ্নতায়ও ভুগছ। তবে তুমি নিশ্চয়ই নিজেকে হতাশায় পুরোপুরি নিমজ্জিত হতে দেবে না, তাই না? সম্ভব হলে তোমার স্বামীকে বলতে পারো যে তুমি স্বাবলম্বী হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ নিতে পারো কি না।
এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াও একই সঙ্গে শুরু করতে পারো। জীবনের অনেকখানি সময় এখনো সামনে রয়েছে। তোমাকে কিন্তু মনের জোর নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নিজের পরিচিতি নিয়ে চলার পরিকল্পনা করতে হবে। তোমার সন্তানেরা নিশ্চয়ই বুঝতে পারছে তাদের বাবার প্রতি তোমার বিরূপ মনোভাব। এই পরিস্থিতিতে ওদেরও তো কষ্ট পাওয়ার কথা। তোমার যদি মনে হয় যে সব শেষ হয়ে গেছে, তাহলে তোমার আচরণের মধ্যে প্রতিনিয়ত তার প্রকাশ ঘটবে। এই পরিস্থিতিতে তোমার নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বিশেষভাবে সচেতন হতে হবে।