উন্নত মানের আরও বিশ্ববিদ্যালয় প্রয়োজন
যদি আমাকে প্রশ্ন করা হয়, দেশে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তা প্রয়োজনের চেয়ে বেশি কি না, তবে আমার উত্তর হবে না-বোধক। আমি মনে করি, দেশে উন্নত মানের আরও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে। এখানে আমি ‘উন্নত মানের’ এবং ‘অনেক’ এ দুটি শব্দের ওপর বেশি জোর দিচ্ছি। কারণ, উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তুলনায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা অনেক কম। সে কারণে তাদের প্রত্যাশা মেটাতে প্রয়োজন বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে করি, এ মুহূর্তে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় উন্নত মানের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। বাকিগুলোর অবস্থা মোটেও ভালো নয়। এগুলোর বিরুদ্ধে সরকারের উচিত এখনই ব্যবস্থা নেওয়া। অনতিবিলম্বে সরকারের উচিত অ্যাক্রিডিটেশন কাউন্সিল চালু করা। যার কাজ হবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, ডিগ্রি, কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়কে সাহায্য-সহযোগিতা করা। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের সেসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়াও হবে এর কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক হিসেবে উত্তর আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করার পর ১৯৯৩ সালে আমি এনএসইউতে অধ্যাপক হিসেবে যোগ দিই। এর পর থেকে এনএসইউতে উপাচার্য হিসেবে কাজ করার সময় আমি সব সময় চেয়েছি এখানে সুদক্ষ শিক্ষক, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ক্লাস এবং ল্যাবরেটরি পরিচালনা করতে। শিক্ষক কিংবা শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। অনিবার্য কারণবশত কোনো ক্লাস বাতিল হলে ‘মেকআপ’ ক্লাস অবশ্যই দেওয়া হয়। সময়ের পরীক্ষা ঠিক সময়েই নেওয়া হয়। এখানে কোনো সেশনজট নেই। আমাদের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা চাই, একই সঙ্গে দক্ষ ও আলোকিত মানুষ তৈরি করতে। হাফিজ জি এ সিদ্দিকি: উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়