উন্নয়ন, সুশাসন ও রাজনীতি মালয়েশিয়ার মডেল কি বাংলাদেশে খাটবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের বিষয়টিকে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা না গেলেও এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের যে একটা নিগূঢ় সম্পর্ক আছে তা সবাই স্বীকার করে। তবে প্রশ্ন হলো, কী ধরনের রাজনৈতিক সরকার উন্নয়নের অনুকূল সুশাসনের উপাদানগুলো নিশ্চিত করতে পারে? এ ব্যাপারে বিশ্বব্যাপী অভিজ্ঞতা হলো গণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী—এ দুই ধরনের শাসনব্যবস্থাতেই তা সম্ভব। এ কারণেই রাজনৈতিক সরকারের ধরনের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন। তবে মোটা দাগে বলা যায়, অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের ক্ষেত্রে একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে ব্যর্থতার এবং সবচেয়ে সাফল্যের উদাহরণগুলো দেখা যায়। আফ্রিকার অনেক স্বৈরশাসিত দেশের ক্ষেত্রে যেমন চরম ব্যর্থতার উদাহরণ আছে, তেমনি এর বিপরীত চিত্র পাওয়া যায় পূর্ব এশিয়ায় বর্তমান চীন এবং ইতিপূর্বেকার সামরিক বা একনায়কতান্ত্রিক শাসনামলের দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলোর ক্ষেত্রে। অপরদিকে উন্নয়নশীল গণতান্ত্রিক দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধারণত মাঝারি গোছের হলেও তা বেশি টেকসই ও নির্ভরযোগ্য হতে দেখা যায়।

বাংলাদেশে ১৯৯০ দশকের শুরুতে গণতন্ত্রে উত্তরণের পর থেকে জিডিপির গড়পড়তা বার্ষিক প্রবৃদ্ধির হার ক্রমাগতভাবে বেড়েছে, কিন্তু সে তুলনায় গণতান্ত্রিক সুশাসনের ক্ষেত্রে তেমন উন্নতি হয়নি। এ সময়ের মধ্যে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির হারের বিচারে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম। অথচ সুশাসনের আন্তর্জাতিক নানা সূচকের নিরিখে বাংলাদেশের স্থান বেশ নিচেই রয়ে গেছে। বিষয়টিকে কোনো কোনো বিশ্লেষক বাংলাদেশের ‘উন্নয়ন ধাঁধা’ বলে আখ্যায়িত করেছেন। তবে সুশাসনের ক্ষেত্রে উন্নতি না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে কি না তা নিয়ে সংশয় আছে। কারণ, এর মানে হবে সুশাসন-প্রবৃদ্ধির সমীকরণে বাংলাদেশকে ক্রমে আরও ব্যতিক্রমধর্মী অবস্থানে যেতে হবে। তা ছাড়া, বিগত সাধারণ নির্বাচনের পরবর্তী সময়ে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এ দেশে ভবিষ্যতে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধরন কী হবে তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিগত কয়েক বছরের জিডিপির প্রবৃদ্ধির হারের হিসাব থেকে ইতিপূর্বেকার ঊর্ধ্বমুখী প্রবণতাও আর স্পষ্ট দেখা যাচ্ছে না।
এ প্রেক্ষাপটেই আরও প্রশ্ন উঠতে পারে, তথাকথিত মালয়েশিয়ার উন্নয়ন মডেল বাংলাদেশে খাটবে কি না। মালয়েশিয়ার স্বাধীনতা লাভের পর থেকে বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, কিন্তু প্রকারান্তরে একদলীয় সরকারের শাসন চালু আছে। এ সময়ের মধ্যে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির দিক থেকে ‘এশিয়ার ব্যাঘ্র’ বলে খ্যাত দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ও হংকংয়ের পরই পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার স্থান। তবে একই ধরনের শাসনব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও যে থাকে, আফ্রিকায় রবার্ট মুগাবের শাসনাধীন জিম্বাবুয়ে তার একটি প্রকৃষ্ট উদাহরণ।
রাজনৈতিক সরকারের ধরন যা-ই হোক, বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে যেতে হলে সুশাসনের ক্ষেত্রে মোটা দাগের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, সরকারি প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। বিশেষত, বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা থেকে লাভবান হতে গেলে রপ্তানি অবকাঠামো থেকে শুরু করে আর্থিক খাতের ব্যবস্থাপনা বা অর্থনৈতিক কূটনীতি এসব ক্ষেত্রেই দক্ষতার ঘাটতি মেটানো জরুরি। কিছু কিছু ক্ষেত্রে দক্ষতার মানের বিষয়ে স্বল্পোন্নত দেশের অজুহাত যে একেবারেই খাটে না তা পরিষ্কার, যেমন বেসামরিক বিমান পরিচালনার কারিগরি সক্ষমতা। তবে অধিকাংশ ক্ষেত্রেই রাতারাতি বিশ্বমানের দক্ষতা অর্জন সম্ভব নয় বলে অন্তত কিছু দৃষ্টান্ত স্থাপন করে সামনে এগোতে হবে। যেমন সরকারি সংস্থাগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংক একসময় এ ধরনের উৎকর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছিল। দুর্ভাগ্যবশত এ দৃষ্টান্তগুলো অনুসরণ করা তো দূরের কথা, প্রতিটি সংস্থাই বিভিন্ন সময় দুষ্ট রাজনৈতিকীকরণের শিকার হয়ে তাদের ব্যতিক্রমী সাফল্যের বদলে বরং এখন উল্টো ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে।
দ্বিতীয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থনীতির বিস্তার ও বিশ্বায়নের ফলে অর্থনৈতিক ব্যবস্থাপনার কাজটিও ক্রমে কঠিন ও জটিল হয়ে পড়ছে। বর্তমানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেকাংশেই ব্যক্তিনির্ভর ও কেন্দ্রীভূত ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত। এর পরিবর্তে প্রয়োজন সরকারের বিভিন্ন পর্যায়ে ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে নিয়মনীতিনির্ভর ব্যবস্থাপনার দিকে যাওয়া, যাতে যেকোনো উদ্ভূত সমস্যার বিষয়ে তথ্যনির্ভরভাবে দ্রুত সমাধান দেওয়া যায়।
তৃতীয়ত, অরাজনৈতিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা। এগুলোর মধ্যে আছে উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন বা দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান। দেশে আইনের শাসন কার্যকর করা ছাড়াও রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে সরকারের জবাবদিহির বিকল্প ব্যবস্থা হিসেবেও এ প্রতিষ্ঠানগুলোর যথাযথ ভূমিকা পালন সুশাসনের জন্য জরুরি।
প্রশ্ন হলো, আমাদের জন্য সুশাসনের এ শর্তগুলো পূরণ কঠিন মনে হলেও মালয়েশিয়ার মতো দেশ কী করে তা পারল? ১৯৫৭ সালে স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়ার বড় চ্যালেঞ্জ ছিল জাতিগত ও ধর্মীয় বিভাজনের সমস্যা মোকাবিলা করে রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করা। এ ভারসাম্য রক্ষার তাগিদেই সংখ্যাগরিষ্ঠ কিন্তু অনগ্রসর মালয় সম্প্রদায়কে রাজনৈতিক কর্তৃত্ব ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি চীনা ও ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের অর্থনৈতিক স্বার্থরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়। তিনটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে, কিন্তু মালয়দের একক প্রাধান্যে যে জোট সরকার গঠন করা হয় তা অদ্যাবধি ক্ষমতায় আছে। আর এই ভারসাম্য রক্ষার তাগিদেই রাষ্ট্রীয় সংস্থাগুলো ও প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দক্ষ ও স্বাধীনভাবে গড়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়। মালয়েশিয়ার অর্থনৈতিক সাফল্যের পেছনে সম্ভবত এটিই মূল চাবিকাঠি। সেই সঙ্গে দূরদর্শী ও যোগ্য রাজনৈতিক নেতৃত্ব ছিল। বাংলাদেশকে এ ধরনের জাতিগত বিভাজনের সমস্যা মোকাবিলা করতে হয়নি অথচ মালয়েশিয়ার জন্য এ সমস্যাই শাপেবর হয়েছে।
বাংলাদেশে বর্তমানে আপাতদৃষ্টিতে একক দলীয় প্রাধান্যের শাসনব্যবস্থা চালু থাকলেও স্বাধীনতা-উত্তর গত চার দশকে রাজনৈতিক অঙ্গনে বহু পরিবর্তন ঘটে গেছে ও নানা বিভাজন তৈরি হয়েছে। কোনো একটি দল বা জোটের পক্ষে রাজনীতিতে একাধিপত্য বজায় রেখে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ফলপ্রসূ করার সুযোগ আছে বলে মনে হয় না। তা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হওয়ার পর বিগত দুই দশকে মানুষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ও দলীয় সরকারের পরিবর্তন হতে দেখেছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখিয়েছেন, এ অঞ্চলের মানুষ সব সময়ই কোনো একক কর্তৃত্ব বা মতাদর্শ না মেনে বরং মুক্ত আলোচনা ও তর্ক-বিতর্কের মধ্য দিয়েই সমস্যা সমাধানের পথ খুঁজেছে। এ কারণেই পূর্ব এশিয়ার তুলনায় ভারতবর্ষের মানুষ ঐতিহ্যগতভাবেই বহুদলীয় উদার গণতন্ত্রে বেশি আগ্রহী। উল্লেখ্য, ভারতবর্ষ বলতে অমর্ত্য সেন বিশেষভাবে বাংলাদেশকেও বুঝিয়েছেন।
বাংলাদেশে মালয়েশিয়ার মডেল কার্যকর করার বিষয়ে আরও কিছু বড় সমস্যা আছে। শাসনব্যবস্থার জবাবদিহির জন্য প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনীতির বিকল্প হিসেবে আমাদের স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তেমন গড়ে ওঠেনি। আরও লক্ষণীয় যে বাংলাদেশের শ্রমিকশ্রেণি কর্মঠ হলেও পূর্ব এশিয়ার মতো বাধ্য ও অনুগত স্বভাবের নয়, বরং তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অনেক ইতিহাস আছে। এ ছাড়া যে স্বতঃস্ফূর্ত ব্যক্তি-উদ্যোগ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তার বিকাশের জন্যও উদার গণতান্ত্রিক পরিবেশই বেশি উপযোগী। অন্যদিকে পূর্ব এশিয়ার দেশগুলোতে শিল্পায়নের পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারি সংস্থা ও বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে একধরনের পৃষ্ঠপোষকতার সম্পর্ক, যাকে ‘ক্রৌনি ক্যাপিটালিজম’ বা ‘আঁতাতের পুঁজিবাদ’ বলে আখ্যায়িত করা হয়েছে। তবে এ ধরনের শিল্পায়ননীতি সফল করার জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাবমুক্ত দক্ষ প্রশাসন, যার উপস্থিতির সুযোগ মালয়েশিয়া কাজে লাগিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে মালয়েশিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। মাহাথির মোহাম্মদের অবসর গ্রহণের পর ক্ষমতাসীন প্রধান দলের ভেতরে একক ব্যক্তিত্বের প্রাধান্য কমে গিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের দলীয় পদগুলো পূরণের ফলে গণতন্ত্রায়ণ-প্রক্রিয়া জোরদার হয়েছে। আরও গুরুত্বপূর্ণ যে বিগত জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জোট প্রথমবারের মতো প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে। বিরোধী দলের থেকে কম শতাংশ ভোট পেয়েও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের সুবিধা নিয়ে তারা বেশি আসনে জিতে আপাতত ক্ষমতা ধরে রাখতে পেরেছে। কিন্তু এর ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সমাধানের ওপর দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে। দেখা যাচ্ছে, বাংলাদেশে চালু করা তো দূরের কথা, খোদ মালয়েশিয়াতেই তথাকথিত মালয়েশিয়ার মডেলের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ: অর্থনীতিবিদ। ইকোনমিক রিসার্চ গ্রুপ, ঢাকা–এর চেয়ারম্যান।