উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিয়ে হতাশ নগরবাসী
এলাকার উন্নয়নের আশায় ভোট দিয়েছিলাম। কাউন্সিলর বদল হলো, বদলে গেলেন মেয়রও। কিন্তু গত দুই বছরে আমাদের এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন হয়নি। পূর্ব ও মধ্যম মোহরার মূল সড়ক দেওয়ান মহসীন সড়ক। এ সড়কের এখনো বেহাল দশা। সানাই খালের ভাঙনে সড়কের একাংশ নষ্ট হয়ে গেছে। অথচ এই এলাকায় রয়েছে দেশি-বিদেশি প্রায় অর্ধশতাধিক শিল্পপ্রতিষ্ঠান।এভাবেই চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের পরবর্তী দুই বছরে আশাভঙ্গের কথা জানালেন মোহরার বাসিন্দা ওয়াহিদুল আলম। সিসিসির বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নির্বাচনী ইশতেহারে স্বল্পমেয়াদি উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় প্রতিশ্রুতি ছিল সড়ক উন্নয়ন ও পরিচ্ছন্নতা। এ দুটি বিষয় নিয়েই বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, বিশেষজ্ঞ এবং কাউন্সিলরদের মতামত জানতে চাওয়া হয়। তাঁদের কথায় প্রকাশ পেয়েছে হতাশা ও ক্ষোভ। হালিশহরের এইচ ব্লকের বাসিন্দা ইশতিয়াক আল মাহমুদ বলেন, হালিশহর যেন নগরের বাইরের কোনো এলাকা। এইচ ও আই ব্লকের মূল সড়কের কোথাও কার্পেটিং নেই। এবড়োখেবড়ো সড়কে অনেক কষ্টে চলাচল করতে হয়। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।উন্নয়ন প্রকল্প নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ ওরফে মানিক। তিনি বলেন, ‘সিসিসির নিজস্ব অর্থায়নে আমার ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। এডিবি ও ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে দুটি প্রকল্পের কাজ হয়েছে। গত এক বছরে কোন ওয়ার্ডে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা কোন প্রকল্পে ব্যয় হয়েছে এর হিসাব চেয়ে আমি এক মাস আগে চিঠি দিয়েছি। কিন্তু জবাব পাইনি।’ জনপ্রতিনিধিদের মতামতকে প্রাধান্য না দিয়ে বর্তমানে আমলাদের মতামতে সিসিসি চলছে বলে কবির আহমদ মন্তব্য করেন।নগরের উন্নয়নে সরকারি বরাদ্দ অপর্যাপ্ত মন্তব্য করে পশ্চিম ষোলোশহর ওয়ার্ডের কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বলেন, ‘উন্নয়নে তেমন গতি আসেনি এটা ঠিক। তা ছাড়া, পাঁচ বছরের মেয়াদের অগ্রগতি বিবেচনায় দুই বছর খুব বেশি সময় নয়।’সিসিসির চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বড় দুটি প্রকল্পের মধ্যে বিশ্বকাপ প্রকল্পের কাজ আগেই করা হয়েছে। এ বছর ঠিকাদারদের পাওনা পরিশোধ করা হয়েছে। মেরিনার্স সড়ক প্রকল্পের জন্য বরাদ্দপ্রাপ্ত ৩৫ কোটি টাকা ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে দেওয়া হবে। এ ছাড়া আগের মেয়রের আমলের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের পাওনা বকেয়াও পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, ‘এত বড় নগরের সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য এ বরাদ্দ পর্যাপ্ত নয়।’সিসিসি সূত্র জানায়, চলতি অর্থবছরে চলমান সাতটি প্রকল্পে মোট ১৪০ কোটি টাকার উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে। তবে বিশাল এই নগরের উন্নয়নে বরাদ্দকৃত টাকা অপ্রতুল। ‘নগর আগের মতো পরিচ্ছন্ন নয়, আগের মেয়রের সময় নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ছিল দেশের অন্য শহরগুলোর জন্য উদাহরণ। কিন্তু নগর এখন আগের মতো পরিচ্ছন্ন নয়। শহরের তিন পোল, নূর আহমদ সড়ক, কাজীর দেউড়ি, মেহেদীবাগসহ বিভিন্ন এলাকায় আবর্জনা ডাস্টবিন উপচে বাইরে পড়ে, দুর্গন্ধ ছড়ায়।’ নগরের পরিচ্ছন্নতার ব্যাপারে এ মতামত জুবলি রোডের বাসিন্দা আশীষ সেনের। এ বিষয়ে জানতে চাইলে সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন শহরের প্রতিটি ডাস্টবিন পরিষ্কার করা হয়। ঝাড়ুও দেওয়া হয় সড়কে। তবে জনগণ সচেতন না হলে একা সিসিসির পক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করা সম্ভব নয়।’