উন্নয়ন ত্বরান্বিত করব—আজিজ আহম্মদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী বলেছেন, ফেনীর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার চেষ্টা থাকবে সব সময়। প্রকৃত অর্থে গণমানুষের জন্য কাজ করে যাব। গত বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসভবনে গিয়ে দেখা যায়, উচ্ছ্বসিত নেতা-কর্মীদের ভিড়। তাঁরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসককে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিজেকে সচেষ্ট রাখব।আজিজ আহম্মদ চৌধুরীর জন্ম ১৯৩৯ সালে। বাবা সুলতান আহম্মদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। লেখাপড়া করেছেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। ১৯৫৫ সালে মেট্রিক এবং ১৯৫৯ সালে বিএ পাস করেন। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন ছাগলনাইয়া থানার (বর্তমানে ফুলগাজী থানা) আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ সালে ফেনী জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং ১৯৮৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হন। বর্তমানে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।এদিকে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সঙ্গেও যুক্ত হয়ে পড়েন। ১৯৬৪ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য এবং ১৯৭২ সালে তাঁকে তৎকালীন রিলিফ কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। এরপর ১৯৭৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা চারবার তিনি আনন্দপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।