উন্নয়ন নেই গোরকঘাটা বাজারের
মহেশখালী পৌরসভায় উন্নীত হওয়ার নয় বছর পরও গোরকঘাটা বাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ক্ষুব্ধ। অথচ এই বাজার থেকে প্রতিবছর পৌর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করছে। কিন্তু সংস্কারের ব্যাপারে কোনো উল্লেখযোগ্য প্রকল্প হাতে নেয়নি। ব্যবসায়ীরা জানান, বাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০০ দোকান রয়েছে। কিন্তু পানিনিষ্কাশনের জন্য নালা নেই। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। সড়কগুলোর অবস্থাও নাজুক, যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নয় বছর ধরে ব্যবসায়ীরা পৌরসভায় ব্যবসায়িক অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) নবায়নের মাধ্যমে রাজস্ব দিলেও পৌর কর্তৃপক্ষ বাজারের উন্নয়নে কিছুই করেনি। জানা গেছে, পৌরসভায় আর কোনো হাটবাজার নেই। এই বাজারের ওপর নির্ভরশীল পৌরসভাসহ পাশের ছোট মহেশখালী, কুতুবজোম ইউনিয়নের জনসাধারণও। সরেজমিনে দেখা গেছে, বাজারে ভেতরের চারটি সড়কে বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া ব্যবসায়ীরা তরিতরকারি ও মাছ নিয়ে খোলা আকাশের নিচে বসছেন। মাছহাটার আশপাশে ময়লা-আবর্জনার দুর্গন্ধে চলাফেরা করা দায় হয়ে পড়েছে। আর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে গণশৌচাগারটি। গোরকঘাটা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ বদিউল আলম প্রথম অলোকে বলেন, ‘বাজার নিলাম ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের মাধ্যমে পৌর কর্তৃপক্ষকে প্রতিবছর চার লক্ষাধিক টাকা রাজস্ব দেওয়া হলেও বাজার উন্নয়নে তেমন প্রকল্প নেয়নি। এ কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতা আগের মতো এই বাজারে আসেন না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে প্রথম আলোকে বলেন, দুই বছর আগে বাজারের ভেতরে সড়কগুলো সংস্কারের জন্য প্রায় ১২ লাখ টাকার একটি প্রকল্প দেওয়া হয় এবং ঠিকাদার সংস্কারকাজও শুরু করে। কিন্তু পৌরসভার মামলার জটিলতার কারণে ঠিকাদারকে টাকা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কাজ ফেলে ঠিকাদার পালিয়ে যাওয়ায় বাজারের সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০০১ সালের ১২ জুলাই গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে মহেশখালী পৌরসভায় উন্নীত করা হয়।