উন্নয়ন বরাদ্দে বৈষম্যের শিকার নারী ইউপি সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা উন্নয়ন বরাদ্দে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাঁরা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না। এর পরিপ্রেক্ষিতে অনেকে একবারের বেশি নির্বাচিত হতে পারছেন না। এ জন্য সংরক্ষিত পদের নারী সদস্যদের উন্নয়নকাজে অংশগ্রহণের সুযোগ সংরক্ষণের ব্যবস্থা থাকা জরুরি।
গত বুধবার বান্দরবান জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার একটি হোটেলে আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারী প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভায় এসব কথা বলেন নির্বাচিত ও সাবেক নারী ইউপি সদস্যরা।
নারী অধিকারবিষয়ক সংস্থা অনন্যা নারী কল্যাণ সংগঠনের (একেএস) উদ্যোগে আয়োজিত সভায় তিন পার্বত্য জেলার বর্তমান ও সাবেক নারী ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সমন্বয়কারী সিলজা হিলকা পাসিলিন্না, আওয়ামী লীগের জেলা সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর ও বিএনপির থানচি উপজেলা সভাপতি খামলাই ম্রো। সভাপতিত্ব করেন একেএসের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির সদস্য মাসাথুই মারমা বলেন, তিনজন পুরুষ সদস্যের এলাকায় নির্বাচিত একজন নারী সদস্যের উন্নয়ন কর্মকাণ্ডেও তিন গুণ সুযোগ থাকার কথা। কিন্তু বাস্তবে একজন পুরুষের চেয়েও একজন নারী সদস্য উন্নয়নকাজে কম সুযোগ পেয়ে থাকেন।
লামার গজালিয়া ইউপির সাবেক সদস্য পিতমা ত্রিপুরা বলেন, দলীয় প্রতীকে ও পৃষ্ঠপোষকতায় নির্বাচন ব্যবস্থা চালু হওয়ায় সরকারি দলের প্রার্থী ছাড়া অন্যদের বিজয়ী হওয়ার সুযোগ কমে গেছে।
বান্দরবান পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী জহুরা চৌধুরী বলেন, নির্বাচনে অংশগ্রহণে নারীরা পরিবারের পুরুষদের সিদ্ধান্ত ও অর্থসংস্থানের ওপরই নির্ভরশীল। নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল ও সমাজে সমতা প্রতিষ্ঠিত করার জন্য জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি নারীর ক্ষমতায়ন এবং সুযোগ সংরক্ষণ করতে হবে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, নারী জনপ্রতিনিধিদের জনসেবায় সক্ষমতা ও দক্ষতা অর্জন করতে হবে। অনেক নারী জনপ্রতিনিধিকে সভা-বৈঠকে ডাকা হলে নিজে না এসে স্বামী অথবা ছেলেমেয়েকে পাঠিয়ে থাকেন। এ ধরনের মানসিকতা পেশাদারি ও সক্ষমতা অর্জনে সহায়ক নয়।