উন্নয়নকাজে দীর্ঘসূত্রতার কারণে নগরের গণি বেকারি থেকে বাদুড়তলা পর্যন্ত সড়কটি স্থানীয় জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিন বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সউক) সড়কটির একাংশ সম্প্রসারণ করলেও অবশিষ্ট অংশের সম্প্রসারণ কাজের ধীরগতির কারণে ওই এলাকায় যানজট প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। গণি বেকারি থেকে অলি খাঁ মসজিদ পর্যন্ত সড়কটি বর্ষাজুড়ে ছিল খানাখন্দে ভরা। বর্ষার আগে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলেও এ পর্যন্ত সড়কের পাশের এলাকার কিছু গাছ কাটা ছাড়া আর কোনো কাজ হয়নি। সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক এ এম এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্ষাকালে এ সড়কে চলাচল করতে গিয়ে লোকজনের সাময়িক সমস্যা হলেও শিগগিরই ভোগান্তি দূর হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কটির কাজ শেষ করতে আমরা সংকল্পবদ্ধ।’ চউক সূত্র জানায়, প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কলেজ ও কাপাসগোলা সড়ক সম্প্রসারণকাজ শুরু হয় ২০০৯ সালে। ইতিমধ্যে তিন বছর কেটে গেলেও বহদ্দারহাট মোড় থেকে বাদুড়তলা অংশের সম্প্রসারণ ছাড়া এ সড়কে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তার ওপর কয়েকটি ভবনের মালিক হাইকোর্টে মামলা করার কারণেও চউকের ভূমি বিভাগ ওই জায়গা অধিগ্রহণকাজ শেষ করতে পারেনি। এসব মামলা বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে বলে প্রকল্প পরিচালক হাবিবুর রহমান জানান। সড়কের অপর গুরুত্বপূর্ণ অংশ অলি খাঁ মোড় থেকে বাদুড়তলা পর্যন্ত তেমন কোনো কাজই হয়নি। বহদ্দারহাট ও গণি বেকারি অংশে সমপ্রসারণ করা হলেও কাপাসগোলা ও বাদুড়তলায় রাস্তা সরুই রয়ে গেছে। এ কারণে এই এলাকায় প্রতিদিন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে।চউকের কর্মকর্তারা দাবি করেছেন, আজ বৃহস্পতিবার থেকে কাপাসগোলা সড়কের অবশিষ্ট অংশের সম্প্রসারণকাজ শুরু হবে। শেষ হবে আগামী ছয় মাসের মধ্যে। প্রকল্পের মেয়াদও ওই সময়ের মধ্যে শেষ হবে। কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে প্রকল্প শেষ হবে কি না, তা নিয়ে স্থানীয় লোকজনেরও সন্দেহ রয়েছে। বাদুড়তলা এলাকার বাসিন্দা ও চাকরিজীবী শেখ মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, ‘তিন বছরে সড়কের যে কাজ হয়েছে তা-ও অসম্পূর্ণ। এ অবস্থায় ছয় মাসে বাকি কাজ শেষ হবে, এটা অবিশ্বাস্য। সড়ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দুই পাশে নর্দমা নির্মাণ করা। কর্তৃপক্ষ ওই কাজই এখনো শুরু করেনি।’