ব্যবসাকেন্দ্র হিসেবে নজুুমিয়া হাটের খ্যাতি আছে গোটা চট্টগ্রামে। এখান থেকে ২০০ গজ পশ্চিমে দুলা মিয়া সওদাগর বাড়ি। এ বাড়ির এক সন্তান বাংলাদেশকে দিয়েছে বিশ্ব পরিচিতি, মর্যাদার আসনে আসীন করেছে গোটা জাতিকে। তিনি আমাদের ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেলজয়ী। ইউনূসের জন্ম হয়েছে হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে। ইউনূসকে নিয়ে শিকারপুর ইউনিয়নের মানুষের গর্ব অনেক। কিন্তু এলাকার নানা সমস্যা নিয়ে তাঁদের মনে দুঃখও কম নয়। চট্টগ্রাম শহর থেকে অক্সিজেন-কাপ্তাই সংযোগ সড়ক এ ইউনিয়নকে পৃথক করেছে। ৩০ হাজার মানুষ বাস করে এই জনপদে। ইউনিয়নের দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও, পশ্চিমে পাঁচলাইশ ওয়ার্ড। পাশের এলাকায় উন্নয়ন দেখে এলেও শিকারপুরবাসী যেন উন্নয়নবঞ্চনার শিকার। এলাকার অধিকাংশ সড়কে ইট বিছানো, পাশে অবারিত সবুজের মাঠ। শহরতলির জনপদ হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিকারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মহিউদ্দীন শিক্ষা, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বেড়েছে বলে দাবি করেছেন। তবে ইউনিয়নের বাথুয়া, কুয়াইশ ও শিকারপুর এলাকার অনেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতের সঙ্গে একমত হলেন না। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় পশ্চিম কুয়াইশ ও পশ্চিম বাথুয়ার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, শিকারপুর ইউনিয়নে রয়েছে সাতটি পিচঢালা সড়ক, ২০-২২টি ইট বিছানো ও ১০টি কাঁচা সড়ক।কাপ্তাই সড়ক থেকে পশ্চিমে শহীদুল্লাহপাড়া চলে যাওয়া হাবিলদার এয়ার মোহাম্মদ সড়কের বিভিন্ন স্থানে কার্পেট উঠে গেছে। হামদু বাপের বাড়ির জাফর আহমদ বলেন, ‘একটু বৃষ্টি হলে কালামিয়া জামে মসজিদ এলাকায় হাঁটু পানি ওঠে। এখনো বৃষ্টির পানি আছে।’ মোহাম্মদ আলী মিস্ত্রির বাড়ির গৃহবধূ লায়লা বেগম বলেন, ‘সারা বছর বাড়ির উঠানে পানি জমে থাকে। হাবিলদার এয়ার মোহাম্মদ সড়কের দুই পাশে নালা নির্মাণ করা হলে এ সমস্যা থাকত না। পশ্চিম শিকারপুরের আট থেকে ১০টি সড়ক কাঁচা। স্থানীয় মাঈন উদ্দীন বলেন, ‘নির্বাচন এলে জনপ্রতিনিধিরা রাস্তাঘাট উন্নয়নের আশ্বাস দেন। কিন্তু এখনো বাড়িতে হাঁটাচলা করতে হয় কাদা মাড়িয়ে।’ আলতাফ মিয়া বলেন, ‘ইউনিয়নের শতকরা ৭০ ভাগ মানুষ কৃষিজীবী। জমি চাষ করে ফসল ফলিয়ে জীবন চলে। বেশির ভাগ বাড়িঘর আগের মতোই আছে, আর্থিক সচ্ছলতা না থাকায় আধুনিকতার ছোঁয়া লেগেছে কম।’ শিকারপুরে তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ রয়েছে। স্থানীয় বাসিন্দা, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘শিকারপুরে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পানিসংকট নেই, গ্যাসসংযোগও রয়েছে। কিন্তু রাস্তাঘাট হয়তো কিছুটা খারাপ।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এলাকার উন্নয়নে স্থানীয় সাংসদ কী পরিমাণ বরাদ্দ পাচ্ছেন আর এলাকায় কী দিচ্ছেন এ বিষয়ে তাঁর সঙ্গে আমাদের সমন্বয় নেই।’ পশ্চিম শিকারপুর পাঁচকড়ির দীঘি ও আশেপাশের এলাকায় মাদক বেচাবিক্রি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এখানে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। আচার্যপাড়ায় মদ, গাঁজাসহ নানা প্রকার মাদক বিক্রি হয় অবাধে। তবে হাটহাজারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘আচার্যপাড়ায় মাদক বেচাকেনার খবর আমাদের কাছে নেই। কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেব।’ সূত্রমতে, শিকারপুরে রয়েছে জলাবদ্ধতার সমস্যা। পূর্ব শিকারপুরের কৃষ্ণ খাল, হামারিয়া খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সমস্যা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মহিউদ্দীন। জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যেই ভুলিয়াপাড়া এবং বাথুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের পাশে দুটি সেতুর পুনর্নির্মাণ হচ্ছে। বাথুয়া গ্রামের প্রবীণ ব্যক্তি ইজ্জত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিকারপুর হচ্ছে নোবেলজয়ী ড. ইউনূসের জন্মস্থান। এ ইউনিয়নেই রয়েছে নামকরা ব্যবসায়ী প্রয়াত নুরালী সওদাগরসহ একাধিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বাড়িঘর। কিন্তু উন্নয়ন প্রসঙ্গে বলতে হয়, বাতির নিচে যেমন অন্ধকার, তেমনি আমাদের অবস্থাও একই।’