ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র
ঢাকার আমেরিকান সেন্টারের উদ্যোগে ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সেমিনারে উচ্চশিক্ষা বিষয়ে িশক্ষার্থীদের ধারণা দেন আমেরিকান সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক (ইংরেজি ভাষা প্রকল্প) রাহিনা সুলতানা, শিক্ষা বিনিময় প্রকল্প শাখার কর্মকর্তা তাহনিয়া শাহিদ, ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহকারী অধ্যাপক হোলি অ্যান ওবারলি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মানজুমা মোরশেদ প্রমুখ।
সেমিনারে আমেরিকান সেন্টারের কর্মকর্তারা বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে।
বিশেষ করে স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করার জন্য আর্থিক সহযোগিতারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চার হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভালো মানের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের খরচে পড়ার সুযোগও রয়েছে।
কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য উৎসাহিত করছে আমেরিকান সেন্টার। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ১০০টির বেশি বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তাঁরা। বিজ্ঞপ্তি।