উন্নয়নে উচ্ছ্বাস এলাকাবাসীর
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এবার মাতামাতি বেশি হচ্ছে। কারণটা যুক্তিসংগত—চট্টগ্রামেও ম্যাচ হবে। দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে বদলে যাচ্ছে উত্তর ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের আশপাশের এলাকা। ব্যাপক উন্নয়ন হচ্ছে এলাকাগুলোতে।সূত্র জানায়, সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সংস্কার হচ্ছে স্টেডিয়ামে ঢোকার প্রধান সড়ক (সাগরিকা সড়ক), জেলেপাড়া ও ধোপাপাড়ার চার-পাঁচটিসহ প্রায় ২০টি সড়ক। স্টেডিয়ামের অদূরে বাগদাদ মাঠে করা হচ্ছে ৩৫০টি যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা। কার্পেটিং চলছে জাকির হোসেন সড়ক ও পোর্ট কানেকটিং সড়কে। স্টেডিয়ামের আশপাশের জেলেপাড়া ও ধোপাপাড়ার বাসিন্দারা মনে করেন, বিশ্বের কাছে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার এটাই সুযোগ। স্টেডিয়ামের দক্ষিণ পাশের কামিনী রায়ের বাড়ির প্রবীণ ব্যক্তি নির্মল রায় বলেন, ‘আমাদের এলাকার রাস্তাঘাট ২০-২৫ বছর ধরে অবহেলিত। অন্তত বিশ্বকাপ ক্রিকেটের উপলক্ষে হলেও দৃশ্যপট পাল্টে যাচ্ছে। আমরা খুশি।’ সরেজমিনে দেখা যায়, স্টেডিয়ামে ঢোকার প্রধান সড়ক (সাগরিকা সড়ক), শফি মোটরস সড়ক, জেলেপাড়ার ছদু সড়ক ও কামিনী রায় সড়কে শত শত শ্রমিক কাজ করছেন। এর মধ্যে দেড় কিলোমিটারের সাগরিকা সড়ক সম্প্রসারণ ও উন্নয়নকাজ শুরু হয়েছে গত বছরের জুন মাসে। এই প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স। তাহের ব্রাদার্সের প্রকৌশলী সৈয়দ নূর বলেন, ‘চলতি বছরের জুন মাসে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা থাকলেও আমরা আগামী ২০ ফেব্রুয়ারি সিডিএকে প্রকল্প বুঝিয়ে দেব। এখন দিনরাত তিন শতাধিক শ্রমিক কাজ করছেন। স্টেডিয়ামে ঢোকার প্রধান এই সড়কটির ইতিমধ্যেই ফুটপাত, বিভাজক ও বাগানের জন্য অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহে কার্পেটিং শুরু হবে। ’এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সময়মতো কাজ শেষ (চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের আগে) করার কোনো বিকল্প নেই। আমি নিজে রাত ১২টা পর্যন্ত প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ তদারকি করছি।’ এদিকে শফি মোটরস সড়ক, ছদু সড়ক ও কামিনী রায় সড়কসহ স্টেডিয়ামের পূর্ব পাশের বিসিক শিল্প এলাকার অভ্যন্তরীণ আরও পাঁচ-ছয়টি সড়কের উন্নয়নকাজ চলছে। সড়কগুলোতে ইতিমধ্যে ইটের খোয়া বিছানোর কাজ শেষ হয়েছে। একই সঙ্গে চলছে নালা-নর্দমা সংস্কারের কাজও। সূত্র জানায়, স্টেডিয়ামের অবকাঠামো ও সড়ক উন্নয়নের জন্য ইতিমধ্যেই সরকার বরাদ্দ দিয়েছে প্রায় ৮৮ কোটি টাকা। এ প্রসঙ্গে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘চট্টগ্রামে বিশ্বকাপ হবে—তাই আমরা গর্বিত। বিশ্ববাসীর কাছে চট্টগ্রামের সৌন্দর্য তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যত দ্রুত সম্ভব স্টেডিয়াম ও আশপাশের অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ হবে। ’এদিকে, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে স্টেডিয়ামের অদূরে ছদু চৌধুরী সড়কে আটতলা পাঁচ তারকা মানের একটি হোটেল নির্মাণকাজ শুরু হয় প্রায় আট মাস আগে। বিশ্বকাপ শুরুর আগে সেটির নির্মাণকাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিটি করপোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ওই হোটেলের নির্মাণকাজ বিশ্বকাপের আগে শেষ হবে বলে মনে হয় না।’