উন্নয়নে গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপারে ইট-পাথরের বেশুমার অট্টালিকা। পিচঢালা পথ। হাজার মানুষের কোলাহল-যান্ত্রিকতা। মাঝে কর্ণফুলী নদী। ওপারে অবারিত সবুজের প্রান্তরজুড়ে ফসলের হাসি। এবড়োখেবড়ো সড়ক। সারি সারি বৃক্ষ। জমির আল ধরে দুরন্ত শিশু-কিশোর ছুটে চলে পাঠশালায়। নদীর ওপারের দৃশ্যটি কোনো গ্রামের নয়। চট্টগ্রাম শহরেরই একটি অংশ। এ তিন জনপদের নাম—চরপাথরঘাটা, চরলক্ষ্যা ও জুলধা ইউনিয়ন। প্রায় ১১ বছর আগে এ ইউনিয়নগুলো চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অন্তর্ভুক্ত হয়। ২০০০ সালের ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন তিনটিকে সিএমপির অন্তর্ভুক্ত করে চরলক্ষ্যার বোর্ড বাজার এলাকায় কর্ণফুলী থানা ভবন উদ্বোধন করেন। এর পর থেকে শহর এলাকার অংশ বলা হলেও এখানকার প্রায় দেড় লাখ মানুষ ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েনের শিকার। উন্নয়ন বরাদ্দের জন্য দ্বারস্থ হতে হয় পটিয়া ও আনোয়ারা উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হয় আনোয়ারা আসনের প্রার্থীকে। আইনি সহায়তার জন্য ধরনা দিতে হয় কর্ণফুলী থানা হয়ে চট্টগ্রাম আদালতে। ৫ মে সরেজমিন তিন ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ও জীবনযাত্রার মানে এখানকার মানুষ অনেক পিছিয়ে রয়েছে। তিন ইউনিয়নের প্রধান সড়কগুলো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ সড়ক, কর্ণফুলী থানা সড়ক, চরলক্ষ্যা ডাঙার সড়ক, বোর্ড বাজার রোড, ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সড়ক, এস আলম সুগার মিল সড়কের অবস্থা খুবই নাজুক। পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নেই। স্বাস্থ্যসেবার জন্য এখানে নেই একটি হাসপাতালও। পানীয়জলের সংকট দীর্ঘদিন ধরে। চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘আমরা ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েনে নাস্তানাবুদ, সিএমপির অন্তর্ভুক্ত করা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।’ তিনি বলেন, ‘উপজেলা থেকে পাওয়া ১ শতাংশ উন্নয়ন বরাদ্দ দিয়েই আমাদের এলাকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। স্থানীয় সাংসদ থেকে আমরা কোনো সুবিধা পাই না।’ চরপাথরঘাটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস মাঈন উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্থানীয় সাংসদ আনোয়ারায় উন্নয়ন বরাদ্দ দিয়ে যা বাঁচে তা-ই আমরা পাই। এভাবে চলতে পারে না।’ জানা যায়, তিন ইউনিয়নের বেশির ভাগ মানুষ চাকরিজীবী। চট্টগ্রাম শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা কাজ করেন। ডাঙারচর, চরলক্ষ্যা, শিকলবাহা, মহালখান এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে এস আলম, ডায়মন্ড সিমেন্ট, স্টার সিমেন্ট, সিইউএফলসহ অর্ধশত ছোট-বড় শিল্পকারখানা আছে। এ ছাড়া মেরিন একাডেমি, মেরিন ফিশারিজসহ তিন-চারটি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা গত এক দশকে এখানে গড়ে উঠলেও শিক্ষা ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ২০০৯ সালে তিন ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উদ্যোগ নিলেও নানা কারণে তা ভেস্তে যায়। তবে সে সময় চরপাথরঘাটা এলাকায় আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলা হয়। বর্তমানে নগরের চিহ্ন বলতে থানা ও এ শিক্ষাপ্রতিষ্ঠান। বোর্ড বাজার এলাকার ব্যবসায়ী মো. ইমরুল হোসেন বলেন, ‘আমরা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হতে চাই। স্থানীয় সাংসদ আমাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তবায়ন করেননি।’। চরলক্ষ্যা ও চরপাথরঘাটার জনসাধারণ পানির তীব্র সংকটের কথা তুলে ধরে বলেন, ‘আমরা পানির কষ্টে বাঁচি না। পানিতে মাত্রাতিরিক্ত লবণ। পুকুরের পানি ফিটকিরি দিয়ে খাই।’ কর্ণফুলী থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘আমাদের মহালখান (থানা থেকে ১২ কিলোমিটার দূরে) থেকে প্রতিদিনের খাবার পানি আনতে হয়।’