উন্নয়নের এমন মাশুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ালসড়কের নিচে বহদ্দারহাট মোড়ের ক্ষতবিক্ষত সড়কে ঝুঁকি  চলছে যানবাহন।ছবি  সৌরভ দাশ
উড়ালসড়কের নিচে বহদ্দারহাট মোড়ের ক্ষতবিক্ষত সড়কে ঝুঁকি চলছে যানবাহন।ছবি সৌরভ দাশ

দুই বছর ধরে ছিল উড়ালসড়কের নির্মাণকাজ। এজন্য বহাদ্দারহাট জংশন ও আশপাশের সড়কে চলে ব্যাপক খোঁড়াখঁুড়ি। একপাশ বন্ধও ছিল। সে সময় যানজটে বহদ্দারহাট, চান্দগাঁও এবং উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের ভোগান্তি চরমে ওঠে।
তারপরও আশা ছিল উন্নয়নকাজ শেষ হলে দুঃখ ঘুচে যাবে। কিন্তু তাতে এখন গুড়েবালি। দুর্ভোগ আগের মতোই আছে। বরং যানজট আরও বেড়েছে। কারণ, উড়ালসড়ক ঝকঝকে-তকতকে হলেও আশপাশের সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যানবাহন চলাচল।
সরেজমিনে দেখা গেছে, বহদ্দারহাট উড়ালসড়কের নিচের সড়কে পিচঢালাইয়ের অস্তিত্বই মিলিয়ে গেছে। একটু পরপর ছোট-বড় গর্ত। সেখানে পড়ে আটকে যাচ্ছে যানবাহন। তাই ধীর গতিতে চলছে গাড়ি। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে উড়ালসড়কে কোনো গাড়িই নেই। সব গাড়ি চলাচল করছে নিচের সড়ক দিয়ে।
নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘উড়ালসড়ক হওয়ার পর যাতায়াত আরও নির্বিঘ্ন হবে মনে করেছিলাম। কিন্তু কিছুই হয়নি। বরং সড়ক ক্ষতবিক্ষত হওয়ার কারণে প্রতিদিন ভোগান্তি ও কষ্ট নিয়ে চলাচল করতে হচ্ছে। মুরাদপুর থেকে চান্দগাঁও আবাসিক এলাকায় যেতে অনেক সময় এক ঘণ্টা পর্যন্ত লেগে যায়। খানাখন্দে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। উন্নয়নের এমন মাশুল দিতে হবে ভাবিনি। এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্র জানায়, বহদ্দারহাট উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালের ডিসেম্বরে। নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১২ অক্টোবর উড়ালসড়কের উদ্বোধন করেন। গত বছরের ৩১ ডিসেম্বর সব ধরনের যান চলাচলের জন্য উড়ালসড়ক উন্মুক্ত করে দেওয়া হয়।
বহদ্দারহাট উড়ালসড়কের নিচের সড়কের সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শাহীন-উল-ইসলাম বলেন, ‘এটি আমাদের আওতায় নেই। সড়কটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।’
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও বহদ্দারহাট উড়ালসড়কের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘উড়ালসড়কের নির্মাণকাজ শেষে নিচের রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনকে আমরা বুঝিয়ে দিয়েছি। কিন্তু তারা করছে না। তাই আমরা সংস্কার করছি।’ গাড়িচালকেরা উড়ালসড়ক ব্যবহার না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কম বা বেশি নয়, যাঁদের দরকার তাঁরা উড়ালসড়ক ব্যবহার করছেন।’
এদিকে একই দুর্ভোগে ভুগছেন বহদ্দারহাটের খাজা ও হাজি চান্দ মিয়া সড়ক ব্যবহারকারীরাও। চট্টগ্রাম সিটি করপোরেশনের শুরু হওয়া উন্নয়ন কাজ ধীরগতিতে চলার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

উড়ালসড়কের নিচে বহদ্দারহাট মোড়ের ক্ষতবিক্ষত সড়কে  পাশে খানাখন্দে ভরা খাজা সড়কের  করুণ হাল l ছবি সৌরভ দাশ
উড়ালসড়কের নিচে বহদ্দারহাট মোড়ের ক্ষতবিক্ষত সড়কে পাশে খানাখন্দে ভরা খাজা সড়কের করুণ হাল l ছবি সৌরভ দাশ

সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাটের খাজা সড়কের পাশের ব্যবসায়ীদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। বহদ্দারহাট উড়ালসড়কের নির্মাণ– কাজের জন্য তাঁদের ব্যবসা দীর্ঘদিন স্থবির ছিল। উড়ালসড়ক উন্মুক্ত করে দিলে কিছুদিন জমজমাট হয়ে ওঠে বেচাকেনা। এর কিছুদিন পর বেহাল হয়ে পড়ে খাজা সড়ক। কমে যায় গ্রাহকের আনাগোনা। খানাখন্দে জমে থাকে পানি। নতুন করে আবার ভোগান্তিতে পড়েছেন দোকানদাররা, যা এখনো অব্যাহত আছে।
খাজা সড়কের ব্যবসায়ী আলমগীর বলেন, এক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় সময় বৃষ্টির পানি জমে থাকে। লোকজন আসে না। ব্যবসার ক্ষতি হচ্ছে।
তবে সপ্তাহখানেকের মধ্যে রাস্তার সংস্কারকাজ শেষ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শাহীন-উল-ইসলাম। তিনি বলেন, ‘খাজা সড়কের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সড়কের প্রবেশমুখের কিছু অংশ ছাড়া বাকি জায়গায় পিচঢালাই করা হয়েছে। বর্ষার জন্য ওই অংশে এখন কাজ করতে পারছি না। আবহাওয়া অনুকূলে থাকলে কিছু দিনের মধ্যে সংস্কারকাজ আবার শুরু হবে।’
বহদ্দারহাটের হাজী চান্দমিয়া সড়কের উন্নয়ন ও সংস্কার করছে সিটি করপোরেশন। প্রায় ২০ দিন ধরে এর কাজ বন্ধ আছে। সড়কের অন্য কাজগুলো শেষ হলেও বাকি রয়েছে পিচঢালাই।
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. এস এম আইয়ুব প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে এখনো ফেরেননি। তাই কাজ বন্ধ আছে। তবে কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। ঈদুল আজহার আগে সম্পূর্ণ কাজ শেষ হবে।