উন্নয়নের ঘোষণা শুনতে চায় ফটিকছড়িবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই যুগ পর আজ দ্বিতীয় দফা ফটিকছড়ি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের মাঠে জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা। তাঁর এ সফর ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফটিকছড়ির বিভক্ত আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আপাতত ঐক্যবদ্ধভাবে কাজ করছে। পাশাপাশি ফটিকছড়ির সাধারণ জনগণও তাঁদের এলাকার উন্নয়নের ব্যাপারে ঘোষণা শুনতে চান প্রধানমন্ত্রীর মুখ থেকে। ফটিকছড়িবাসীর প্রধান দাবির মধ্যে রয়েছে, সেমুতং গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাস ফটিকছড়িতে সরবরাহ, ফটিকছড়ির একটি কলেজ, একটি মাধ্যমিক ও একটি বালিকা উচ্চবিদ্যালয় সরকারীকরণ, গহিরা-হেয়াঁকো সড়ক ও রামগড় সেকশন-১ সড়কের উন্নয়ন। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামের ঘাঁটি হিসেবে চিহ্নিত সাতকানিয়া অথবা হেফাজতে ইসলামের ঘাঁটি বলে কথিত ফটিকছড়িতে জনসভা করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতাদের পরামর্শে ফটিকছড়িতেই সভা করার সিদ্ধান্ত নেন তিনি। আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য ও সাংসদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফটিকছড়ি আসলে আওয়ামী লীগেরই ঘাঁটি। ১৯৯১ থেকে পরবর্তী চারটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন এখানে। গত নির্বাচনে দুঃখজনকভাবে আমাদের প্রার্থী হেরে যান। এই আসনটি পুনরুদ্ধারের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা এখন জরুরি। প্রধানমন্ত্রীর আগমনের ফলে এ কাজটি হয়ে যাবে। এ ছাড়া, হেফাজতে ইসলামের অপপ্রচারের জবাব দেওয়া হবে ফটিকছড়ির জনসভা থেকে।’ স্থানীয় সূত্র জানায়, উপজেলার জনগণ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁর কাছ থেকে কিছু উন্নয়নমূলক কাজের ব্যাপারে ঘোষণা শুনতে চান। ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘হালদার ভাঙনের ফলে প্রতিবছর এলাকার অনেক লোক বাস্তুহারা হয়। তাই হালদার ভাঙন রোধে প্রধানমন্ত্রীর আশ্বাস আমরা চাই।’ সুুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ‘গহিরা-হেয়াঁকো এবং রামগড় সেকশন-১ সড়কটি বাস্তবায়ন করা ফটিকছড়িবাসীর প্রাণের দাবি। উপজেলার অন্যতম এই দুটি সড়কের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহায়তা চাই।’আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আকতারের প্রত্যাশা, সেমুতং গ্যাস ক্ষেত্র থেকে এ উপজেলায় গ্যাস-সংযোগ দেওয়া হোক। এতে এলাকার সার্বিক উন্নয়নসহ বিসিক শিল্পনগর প্রতিষ্ঠা সহজ হবে। ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সৈয়দ মুহাম্মদ মাসুদ বলেন, ‘এ অঞ্চলের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ হয়নি। আমাদের আশা, ফটিকছড়ির অন্তত একটি কলেজ, একটি বালক এবং একটি বালিকা উচ্চবিদ্যালয় সরকারীকরণের ঘোষণা প্রধানমন্ত্রী দেবেন।’ দলীয় সূত্র জানায়, সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের মৃত্যুর পর শক্ত হাতে দলের হাল ধরার মতো নেতৃত্ব এখানে গড়ে ওঠেনি। গত নির্বাচনে এ টি এম পেয়ারুল ইসলাম বিএনপির বিতর্কিত নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কাছে হেরে যান। পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের উত্থানে এলাকায় কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর এই সফরে নেতা-কর্মীদের মনোবল চাঙা হবে বলে মনে করেন নেতা-কর্মীরা। এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে হেফাজত ও জামায়াতের অপপ্রচারে কোনো প্রভাব পড়বে না। হেফাজতে ইসলাম ইতিমধ্যে ফটিকছড়িতে তাদের শক্তি হারিয়ে ফেলেছে।’