উন্নয়নের ছোঁয়া নেই বাঘাইছড়ি পৌরসভায়
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার যাতায়াতের প্রধান মাধ্যম বাবুপাড়া সড়ক। সদর থেকে বাবুপাড়ার দূরত্ব মাত্র আধাকিলোমিটার। এখানেই বাস করেন উপজেলা ও পৌরসভার অনেক কর্মকর্তা-কর্মচারী। আগে পাড়ার নাম ছিল জীবঙ্গাছড়া, কর্মকর্তারা বাস করেন বলে পাড়ার নাম হয়ে গেছে বাবুপাড়া। বাবুপাড়া সড়ক দিয়ে যাতায়াত করেন শত শত স্থানীয় মানুষ। উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করলেও এটি সংস্কারে তাঁদের কোনো উদ্যোগ নেই। শুধু বাবুপাড়া সড়ক নয়, পৌরসভার ১০টি সড়কেরই এখন বেহাল অবস্থা। বেহাল অবস্থা চলছে পৌরসভার সবকিছুতে। পৌরপ্রশাসক দিয়ে চলছে কার্যক্রম। বর্তমানে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। কাউন্সিলর ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এতে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়নকাজ। প্রতিষ্ঠার ছয় বছরেও পৌরসভার নিজস্ব ভবন গড়ে তোলা হয়নি। নাগরিক সুবিধা পাচ্ছেন না পৌরবাসী। নির্বাচন না হওয়ায় পৌরসভার এ অবস্থা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট লোকজন। উন্নয়ন ছাড়া পৌর কর ধার্য করায় পৌরসভা বাতিলের আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, ‘পৌরসভা কর্তৃপক্ষ উপজেলা সদর থেকে বাবুপাড়া পর্যন্ত আট টাকা রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। এর কারণ পুরো সড়কই ভাঙা, টেনে নিয়ে যেতে হয় রিকশা, পাঁচ মিনিটের পথ যেতে এখন আধঘণ্টা লাগে।’ রিকশাচালক মো. বাদশা মিয়া জানান, ‘সড়ক আধাকিলোমিটার, কিন্তু কষ্ট হয় পাঁচ কিলোমিটারের। পৌরসভায় এত খারাপ সড়ক আছে তা না দেখলে বিশ্বাস করা যাবে না।’জানা গেছে, গত ছয় বছরে উন্নয়নকাজের জন্য প্রায় ছয় কোটি টাকা বরাদ্দ পেয়েছে পৌরসভা। কিন্তু সাবেক পৌর প্রশাসক ও কিছু পৌর কাউন্সিলর উন্নয়নকাজ না করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আবার কাউন্সিলরেরা উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হাছানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দুর্নীতির লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, প্রকৌশলী উৎকোচ ছাড়া কোনো নথিপত্রে (ফাইলে) সই করেন না। ফলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, ছয় বছরেও পৌরসভার নিজস্ব ভবন গড়ে তোলা হয়নি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবনে পৌরসভার কার্যক্রম চলছে। বর্তমানে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। বাবুপাড়ার সিকু চাকমা বলেন, “নামে ‘বাবুপাড়া’, কাজে নয়। উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা বাবুপাড়ায় থাকেন। অথচ রাস্তা সংস্কারে গরজ নেই কারও।’’ পৌর কাউন্সিলর আব্দুল মুক্কুর জানান, ‘বর্তমানে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আমরাও বেকার হয়ে গেছি। বরাদ্দ না এলে উন্নয়নকাজ হবে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে পৌরসভার জন্য কোনো বরাদ্দ নেই। তাই পৌরসভার উন্নয়ন করা যাচ্ছে না।’উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘বাবুপাড়া সড়ক পাকা করা হবে। এ জন্য দরকার হলে আমি নিজেই মন্ত্রণালয়ে যাব।’