যাঁরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর এগিয়ে যাওয়ার স্বপ্নের সাথি হতে চান, তাঁদের স্বপ্নগুলো একটু অন্য রকমের হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেই সব স্বপ্নচারী তরুণ-তরুণীর কথাই বলছি, যাঁরা উন্নয়নের স্বপ্ন দুই চোখে নিয়ে ভর্তি হয়েছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার্স ইন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস’ কোর্সটিতে, যার সংক্ষিপ্ত নাম এমডিএমপি। এঁদের কেউ কম্পিউটার প্রকৌশল, কেউ নগর পরিকল্পনা, কেউ আবার সাংবাদিকতায় পড়াশোনা করা। আরও আছেন বিবিএ করা, বাংলা সাহিত্যে পড়া শিক্ষার্থীও।২০১০ সালের ডিসেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এমডিএমপি নামের এই মাস্টার্স প্রোগ্রাম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিডিআই) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এর কার্যক্রম। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির বিখ্যাত আর্থ ইনস্টিটিউট ও ম্যাকআর্থার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ১৬টি দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনা করছেন শিক্ষার্থীরা।টেকসই উন্নয়নের জন্য কাজ করতে গেলে যে পর্যায়ের তত্ত্বীয় বা তাত্ত্বিক পড়াশোনা এবং মাঠপর্যায়ের কাজের সঙ্গে সংশ্লিষ্টতা প্রয়োজন, তার পুরোটাই অর্জন করা সম্ভব এই কোর্সের মাধ্যমে।পৃথিবীতে একদিকে যেমন উন্নয়ন হচ্ছে দ্রুততর গতিতে, তেমনি প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশও মুখোমুখি হচ্ছে নিত্যনতুন ও ক্রমবর্ধমান বিপর্যয়ের। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গিয়েই সারা বিশ্ব এখন মরিয়া হয়ে কাজ করছে কীভাবে উন্নয়নকে টেকসই করা যায়, সেই লক্ষ্যে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয় এখন আরও বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা পৃথিবীর কাছে। আমাদের মতো দেশ, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে; সেখানে এ-বিষয়ক পড়াশোনা এবং সুদক্ষ কর্মী যে কত জরুরি, তা সহজেই অনুমেয়।দেশে ও বিদেশের স্বনামখ্যাত শিক্ষকদের কাছ থেকে হাতে-কলমে উন্নয়নকর্মের খুঁটিনাটি শেখার এবং নিজেকে একজন দক্ষ উন্নয়নকর্মী হিসেবে তৈরি করার এক অনন্য সুযোগ এনে দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। জলবায়ু পরিবর্তন, প্রকল্প ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও সুশাসনের মতো অতি গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুগুলোর ওপর বিভিন্ন কোর্স পড়ানো হয় এখানে।তিন সেমিস্টারের এই কোর্স এক বছর মেয়াদি। এর বাইরে ইন্টার্নশিপ করার জন্য লাগবে আরও চার মাস। এই কোর্সের ডিজাইন করা হয়েছে মূলত টেকসই উন্নয়নের ওপর ভিত্তি করে। যাঁরা বিভিন্ন উন্নয়ন সংস্থায় বা এনজিওতে কাজ করছেন, তাঁদের জন্য এটি হতে পারে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির এক মূল্যবান কোর্স। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমডিএমপিতে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষার্থী কিংবা পেশাজীবী উভয়েই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০১১। আগ্রহীরা [email protected] অথবা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ডেস্কে যোগাযোগ করতে পারেন।