উন্মাদের ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সত্যি সত্যি উন্মাদ-এর ৪০ বছর হলো। কথায় বলে, ‘চল্লিশ পেরোলেই চালশে’, আবার এটাও বলে, ‘লাইফ বিগিনস অ্যাট ফর্টি’! আবার এটাও বলে, ‘কুড়িতে বুড়ি’; সেভাবে বিচার করলে আমরা ডবল বুড়ি হয়ে বসে আছি। সে যাহোক আমার উন্মাদনার এই ৪০ বছরের জীবনে একটা কথা প্রায়ই শুনতে হয়েছে; সেটা হচ্ছে, ‘আচ্ছা, উন্মাদ পড়ে তো হাসি ওঠে না...!’ তখন আমি কথাটাকে কীভাবে মোকাবিলা করি সেটা বরং দেখা যাক—
‘আচ্ছা, উন্মাদ পড়ে তো হাসি ওঠে না।’
‘কারণ, উন্মাদ হাসির পত্রিকা না।’ আমি গম্ভীর হয়ে বলার চেষ্টা করি।
‘হাসির পত্রিকা না?’ প্রশ্নকারী একটু যেন ভ্যাবাচেকা খেয়ে গেল।
‘না, উন্মাদ সিরিয়াস পত্রিকা।’ আমি আরও গম্ভীর হয়ে বলার চেষ্টা করি।
‘কিন্তু অনেকে যে হাসে!
‘হ্যাঁ... অনেকে যে হাসে, সেই তাদের জন্য এই পত্রিকা।’
সত্যিই কী উন্মাদ পড়ে কেউ হাসে? আমার সামনে কখনো কাউকে আমি উন্মাদ পড়ে হাসতে দেখিনি। তবে একবার একটা ঘটনা ঘটেছিল; যেটা থেকে ধরে নেওয়া যায় হয়তোবা উন্মাদ পড়ে কেউ কেউ হাসে। ঘটনাটা শেয়ার করা যাক। একবার হঠাৎ উন্মাদ অফিসের নম্বরে ফোন এল—
‘এটা উন্মাদ অফিস?’ এক ক্রুদ্ধ তরুণীর গলা!
‘হ্যাঁ।’
‘উন্মাদ-এর সম্পাদকের সঙ্গে কথা বলতে চাই।’
‘হ্যাঁ, বলছি।’
‘আপনি আহসান হাবীব?’
‘হ্যাঁ, বলছি।’
‘আপনারা পেয়েছেন কী? আমি আপনাদের নামে কেস করব!’
‘কেন? কী হয়েছে?’
‘আমার বাবা হসপিটালে, তার পাকস্থলীতে একটা সার্জারি হয়েছে...’
ঘটনা যেটা বুঝলাম, এই তরুণীর বাবার পাকস্থলীতে একটা সার্জারি হয়েছে। তো হসপিটালে বাবার সময় কাটানোর জন্য তাঁর বুদ্ধিমান পুত্র, মানে ফোন করা তরুণীর ছোট ভাই একটা দৈনিক পত্রিকা আর উন্মাদ কিনে দিয়ে এসেছে হাসপাতালে বাবার কেবিনে। বাবা দৈনিক পত্রিকা না পড়ে নাকি উন্মাদ পড়তে শুরু করেছেন; তারপর হঠাৎ হেচকি হাসিতে নাকি তাঁর পেটের সেলাই সব খুলে গেছে! এখন তিনি সিসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন!
সেই তরুণীকে এখন আমি কী বলি? তবুও বললাম, ‘আপনার ভাই উন্মাদ কিনতে গেল কেন? ওকে ধরুন। আর কেস করতে চাইলে করতে পারেন; আমার আপত্তি নেই! আমি প্রস্তুত (কারণ, তখন অলরেডি বেশ কয়েকটা কেস খেয়ে বসে আছি!)।’
তবে না, শেষ পর্যন্ত সেই সেলাই-ছেঁড়া বাবা সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরেছিলেন এবং আমরা তাঁকে পরবর্তী এক বছর ফ্রি উন্মাদ পাঠিয়েছিলাম। এ ঘটনায় কী প্রমাণ হলো? উন্মাদ পড়ে কেউ কেউ হাসে। সেই যে বলে না, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি...’, সে রকম ‘সকলেই উন্মাদ-এর পাঠক নয়, কেউ কেউ পাঠক (হাসে)।’
আসলে জাতি হিসেবে কিন্তু আমরা অনেক রসিক। তাহলে হাসব না কেন? হাসতে বাধা কোথায়? উন্মাদ তো উপলক্ষ মাত্র। একটা উদাহরণ দিই, আমের সিজনে আম কিনতে গেছি, আমওয়ালাকে বললাম, ‘ভাই, আম মিষ্টি হবে তো?’ আমওয়ালা অতিমাত্রায় গম্ভীর হয়ে বললেন, ‘আপনার ডায়াবেটিস থাকলে এই আম নিয়েন না!’
ব্যাপারটা খেয়াল করুন, আমওয়ালার এই উত্তর কিন্তু নেগেটিভলি পজিটিভ অ্যাপ্রোচ! আমি সারা জীবন উন্মাদে এ কাজটাই করার চেষ্টা করেছি। কাজেই শেষ কথা হচ্ছে—হাসুন। হাসলে নাকি মুখের ৩৬টা পেশির ব্যায়াম হয়, আর কাঁদলে ১৮টা পেশির। কাজেই প্রতিদিন অন্তত একবার হলেও হাসুন কিংবা দুবার কাঁদুন!
এবং হাসতে হলেও আপনাকে উন্মাদ কিনতে হবে, কাঁদতে হলেও ওই উন্মাদই কিনতে হবে (কিংবা রস‍+আলো কিনলেও চলবে, যেহেতু এই লেখা রস‍+আলোর জন্য!)। কিংবা দৃক গ্যালারিতে আসতে পারেন। উন্মাদ-এর ৪০ বছর উপলক্ষে দেশের ৮০ জন কার্টুনিস্টের ২০০ কার্টুন নিয়ে মেগা কার্টুন প্রদর্শনী চলছে। হাসি-কান্নার দুটো ব্যাপারই আছে এখানে!

(আহসান হাবীব: উন্মাদ সম্পাদক, কার্টুনিস্ট ও লেখক)