উন্মুক্ত বাজেট ও জনগণের মুখোমুখি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে ৫ জুন ‘চাই স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এই স্লোগানে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদ’ শীর্ষক এক জবাবদিহিমূলক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজন করে চকরিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন।
অনুষ্ঠানের প্রথম পর্বে কৈয়ারবিল ইউপির ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন চেয়ারম্যান মোহাম্মদ শরীফ উদ্দিন চৌধুরী। তিনি বর্তমান অর্থ বছরের জন্য কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মোট ৩৬ লাখ ৩৯ হাজার ৩০০ টাকার বাজেট পেশ করেন। বাজেট পেশের পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘জনগণের মুখোমুখি-ইউনিয়ন পরিষদ’ শীর্ষক সরাসরি জনগণের কাছে জবাবদিহিমূলক অনুষ্ঠান।
এ সময় মঞ্চে বসা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নানা প্রশ্নবাণে জর্জরিত করেন মঞ্চের সামনে বসা কৃষক-শ্রমিক-মজুর-ছাত্রজনতা। ইউপি চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরী জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি সুতরাং আমি সব সময় আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত। আপনাদের মনের মধ্যে যত প্রশ্ন, ক্ষোভ, বেদনা আছে তা প্রকাশ করুন।’
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এলাকার লোকজন রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির সমস্যা, অল্প বৃষ্টিতে রাস্তায় পানি ওঠা, জলাবদ্ধতা, স্যানিটেশন সমস্যা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন।