উপকারীকে মনে রাখে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা মনে রাখে, কে তার উপকার করেছে। বিনিময়ে সেই উপকারী বন্ধুর জন্যও কখনো কিছু একটা করে দিতে হবে—এটাও তারা জানে। জার্মানির মিউনিখে অবস্থিত লুডভিগ-ম্যাক্সিমিলিয়াস-ইউনিভার্সিটির একদল গবেষক এ তথ্য দিয়েছেন।

শিশুরা নিজেদের ঋণের হিসাব রাখতে পারে। তিন বছর বয়সেই তাদের এ সামর্থ্য তৈরি হয়। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন ডেভেলপমেন্টাল সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

ওই গবেষণায় অংশ নেয় তিন থেকে পাঁচ বছর বয়সী ৪০টি শিশু। তারা একটা খেলায় মগ্ন ছিল। আর সেটা ছিল স্টিকার লাগানো খেলনা বিনিময়ের কাজ। একপর্যায়ে তাদের বলা হলো, এসব খেলনা অন্যের সঙ্গে বদল করে ঠিক একই আকৃতির স্টিকার সংগ্রহ করতে হবে। এতে দেখা যায়, যেখান থেকে একবার সাহায্য মিলেছে, সেখানেই বারবার স্টিকার চাইছে শিশুরা। বিনিময়ে সাহায্যও করছে।

গবেষক দলের প্রধান মার্কাস পলাস বলেন, সিদ্ধান্ত নেওয়ার সময় শিশুরা ‘বিচক্ষণতার’ পরিচয় দিয়েছে। বিদ্যালয়ে যাওয়া শুরু করেনি যেসব শিশু, তারাও নিজেদের সামাজিক মূলধনের বিষয়ে সচেতন থাকে। অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ার ভিত্তিতেই ওই মূলধন সংগ্রহ হয়। এ ব্যাপারে শিশুরা নিজেদের জ্ঞান বা বুদ্ধিমত্তা প্রয়োগ করে।

পলাস আরও বলেন, সামাজিক জীবনে ক্রিয়া-প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সমাজের স্থিতিশীলতার জন্য এটা অপরিহার্য। এ গবেষণায় দেখা যায়, শিশুরা জানে, উদার আচরণের প্রতিক্রিয়ায় সামাজিক সুফল মিলবে। এমনটাই তারা আশা করে, আর সেই অনুযায়ী আচরণও।