উপকারে এল না সেতুটি

সেতু নির্মাণের ছয় বছর পরও তৈরি করা হয়নি সংযোগ সড়ক। সেতুর দুদিকে হয়নি মাটি ভরাটের কাজও। ফলে এলাকার মানুষের কোনো উপকারেই আসছে না সেতুটি।
বর্তমানে সেতুটি এক পাশ দেবে গেছে। জরুরি ভিত্তিতে সংস্কার এবং মাটি ভরাটের কাজ করা না হলে সেতুটির বাকি অংশও ধসে পড়তে পারে। এতে বিশেষ করে বর্ষাকালে সীমাহীন দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা এলাকাবাসীর।
সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ও বোয়ালখালী ইউনিয়নের মানুষের চলাচলের সুবিধার্থে ২০০৭-২০০৮ অর্থবছরে বোয়ালখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বোয়ালখালী পুরোনো বাজার ও মধ্য বোয়ালখালী অংশে বোয়ালখালী খালের ওপর ১৪৫ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করে। নির্মাণের ছয় বছর পরও সেতুর দুপাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে এ সেতু দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন আশপাশের এলাকার শতাধিক শিক্ষার্থীসহ দুই পাড়ের অনেক মানুষ এ সড়ক দিয়ে বিভিন্ন গ্রামে যাতায়াত করে। কিন্তু সেতুটি হেঁটে কোনো রকমে পার হতে পারলেও মালামাল নিয়ে পার হওয়া সম্ভব হয় না। কয়েক মাস আগে সেতুটির তিনটি অংশের মধ্যে বোয়ালখালী পুরোনো বাজার অংশের প্রায় ৫০ ফুট দেবে নিচু হয়ে যায়। এতে ঝুঁকি অনেক বেড়ে গেছে।
সেতুটি দিয়ে যাওয়ার সময় কার্বারিপাড়ার কন্যামোহন চাকমা ও হাচিনসপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া আক্তার বলল, ‘এক পাশে দেবে যাওয়ায় সেতুটি দিয়ে হেঁটে পার হতেও ভয় লাগে। সেতুটি সংস্কার করে দুপাশে সংযোগ সড়ক তৈরি করা হলে আমরা গাড়িতে করে চলাচল করতে পারতাম।’ হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিরুপম বড়ুয়া বলেন, ‘সংযোগ সড়ক না হলেও আগে আমরা হেঁটে কোনো রকমে খালটি পার হতে পারতাম। এখন এক পাশ দেবে যাওয়ায় যেকেনো সময় সেতুর আরেক পাশও ধসে পড়তে পারে বলে ভয় হয়। এতে আমাদের এক কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয়ে যেতে হবে। জরুরি ভিত্তিতে সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে সেতুর দেবে যাওয়া অংশটি খালের ভেতর সম্পূর্ণ ভেঙে পড়বে বলে তিনি আশঙ্কা করেন।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বোয়ালখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, দুই ইউনিয়নের বাসিন্দাদের সহজ যোগাযোগের জন্য এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। মূল সড়কের বেইলি সেতুটিতে কোনো ত্রুটি দেখা দিলে মানুষকে এ সেতু দিয়েই চলাচল করতে হয়। এ ব্যাপারে পার্বত্য উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।
জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রকৃতি বিজয় চাকমা বলেন, সেতুটি সংস্কার এবং দুপাশের সংযোগ সড়ক নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে।