সাগরে নিয়মিত তল্লাশি করেও বন্দর জলসীমায় বাণিজ্যিক জাহাজে দস্যুতার ঘটনা রোধ করা যাচ্ছিল না। পতেঙ্গা মোহনা থেকে প্রায় ৮২ বর্গকিলোমিটার আয়তনের বন্দর জলসীমায় সুযোগ পেলেই জাহাজে হানা দিত দস্যুরা। সরাসরি অভিযানে পুরোপুরি সুফল না আসায় দস্যুতা রোধে ভিন্ন কৌশল নেয় কোস্টগার্ড। সাগরের চেয়ে উপকূলীয় এলাকায় চালানো হয় বিশেষ তদারকি কৌশল। ফলে দিন দিন নিরাপদ হয়ে উঠছে বন্দরের জলসীমা।
বন্দর ও কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, বন্দর জলসীমায় দস্যুতা এখন শূন্যের কোটায় নেমে এসেছে। দস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ (এশিয়া অঞ্চলে জাহাজে দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে সই হওয়া চুক্তি) এর প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে চট্টগ্রাম বন্দর জলসীমায় কোনো দস্যুতার ঘটনা ঘটেনি।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ঘটত বন্দরের আশপাশে উপকূলীয় এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে। চুরি-ডাকাতি শেষে আবার উপকূলে ফিরে যেত দস্যুরা। এ জন্য উপকূলীয় এলাকায় বিশেষ করে আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়। স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিয়ে সমাবেশ করে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানো হয়। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। নিয়মিত চলে এই কার্যক্রম।
আনোয়ারার উপকূলীয় এলাকা রায়পুর ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান মো. ছাবের ইবনে মাহবুব প্রথম আলোকে বলেন, রায়পুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে কোস্টগার্ডের কর্মকর্তারা সমাবেশ করেছিলেন। স্থানীয় জনসাধারণও এখন সচেতন। একসময় উপকূলীয় এলাকা থেকে দস্যুরা এ ধরনের ঘটনা ঘটালেও এখন সেই অবস্থা নেই। এই ইউনিয়নে কেউ এ ধরনের ঘটনা ঘটালে স্থানীয় লোকজনই প্রশাসনকে জানিয়ে দেয়।
যোগাযোগ করা হলে কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগরে অভিযানের চেয়ে উপকূলে জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে এই সুফল এসেছে। এখন উপকূল থেকে কেউ দস্যুতার চেষ্টা করলে সেই খবর পৌঁছে যায় কোস্টগার্ডের কাছে। জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলের পাশাপাশি সাগরেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’
রিক্যাপের দুটি প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই থেকে গত জুন পর্যন্ত বাংলাদেশের জলসীমায় কোনো দস্যুতার ঘটনা ঘটেনি। এর আগে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০টি, ২০১৪ সালে ১৬টি, ২০১৩ সালে ৬টি, ২০১২ সালে ১১টি ও ২০১১ সালে ১৪টি ঘটনা ঘটেছিল। আন্তর্জাতিক সংস্থাগুলোর গত ২০ বছরের তথ্যে দেখা যায়, এক বছরে বন্দর জলসীমায় দস্যুতা শূন্যের কোটায় নামিয়ে আনার ঘটনা এবারই প্রথম।
বন্দর পর্ষদ সদস্য জাফর আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘বন্দর জলসীমার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড তদারকি করছে। সাগরে তদারকি আছে নৌবাহিনীর। কর্ণফুলী চ্যানেলে বন্দরের টহল বোট দিয়ে তদারকি করছে বন্দরে নিয়োজিত সেনাসদস্যরাও। বন্দরের একটি প্রকল্পে ভিডিওচিত্র ও রাডারের মাধ্যমে নিয়ন্ত্রণকক্ষ থেকে দিনরাত ২৪ ঘণ্টায় জলসীমায় কী ঘটছে তা দেখা যাচ্ছে। সবার সমন্বিত পদক্ষেপেই এখন দস্যুতা শূন্যের কোটায় নেমে এসেছে। আন্তর্জাতিকভাবে বন্দরের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।’
বন্দর কর্মকর্তারা জানান, বন্দর জলসীমার আওতা পতেঙ্গা মোহনা থেকে সাগরের দিকে সাত নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার অর্ধবৃত্তাকার এলাকা। এই বিশাল এলাকায় নিয়মিত শতাধিক বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। আগে বন্দর জলসীমায় সচিত্র তদারকির ব্যবস্থা না থাকায় জাহাজের মাস্টাররা চুরি-ডাকাতির কোনো অভিযোগ দিলে তা সহজে যাচাই করার সুযোগ ছিল না।
২০১৩ সালে বন্দরে জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও তথ্যপদ্ধতি নামের একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পে বন্দরের মোট জলসীমার মধ্যে পাঁচ কিলোমিটার (পতেঙ্গা থেকে সাগরের দিকে) এলাকা নিয়ন্ত্রণকক্ষ থেকে ভিডিওচিত্রের মাধ্যমে সরাসরি তদারক করা যায়। এই প্রকল্পের সুবিধা নিয়ে এখন দস্যুতা রোধেও তদারকি করা হচ্ছে।