দুর্যোগে সুরক্ষা পাবে আনোয়ারার দুই লাখ বাসিন্দা
উপকূল রক্ষায় ২৮০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
অবশেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে পতেঙ্গা পর্যন্ত উপকূল রক্ষায় ২৮০ কোটি ৩০ লাখ টাকার বৃহৎ উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার দুই লাখের বেশি মানুষ। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপকূল রক্ষায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একনেকে এই প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দীন প্রথম আলোকে জানান, একনেকে অনুমোদিত প্রকল্পটির মধ্যে ৩০ কোটি টাকা পতেঙ্গা বেড়িবাঁধের উন্নয়নে ব্যয় হবে। বাকি আড়াই শ কোটি টাকা ব্যয় হবে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার বেড়িবাঁধের উন্নয়নে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রকল্পের আওতায় আনোয়ারায় ১ হাজার ৫৪০ মিটার, কর্ণফুলী থানার শিকলবাহায় ৮০০ মিটার ও কৈয় গ্রামের পেশকারহাট এলাকায় ৪০০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। শিকলবাহা, চানখালি, মুরালি, কেয়াগড়, বাকখাইন, চাতরী ও বারখাইনে খালের সংযোগ মুখে নির্মাণ করা হবে নয়টি স্লুইসগেট। এ ছাড়া আনোয়ারায় সাপমারা খাল ও ভরা শঙ্খ খালের মুখে খনন করার পাশাপাশি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি ইছামতি ও কোদেলা খালের মুখে স্লুইসগেটের সঙ্গে বাঁধ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, প্রকল্প অনুযায়ী আনোয়ারার রায়পুর ইউনিয়নের বাতিঘর এলাকায় ১৫০ মিটার, পিচের মাথা এলাকায় ৪০০ মিটার, পরুয়াপাড়া এলাকায় ২০০ মিটার, মালিপাড়া এলাকায় ৫৪০ মিটার, বার আউলিয়ায় ২৫০ মিটার, ঘাটকুল ফকিরহাট ৭১০ মিটার, সরেঙ্গা ৯০০ মিটার, জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজার এক কিলোমিটার, খুরুশকুলে ৫০০ মিটার, তৈলারদ্বীপে ৫০০ মিটার, হাইলধর ইউনিয়নে ১ হাজার ৩৪৫ মিটার, সাপমারা খালের মুখ থেকে মহতরপাড়া পেশকার হাট পর্যন্ত ২৬ দশমিক ৫০ কিলোমিটার বেড়িবাঁধে ব্লক বসানোর পরিকল্পনা রয়েছে হবে।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই প্রকল্প অনুমোদনে ভূমিকা রেখেছেন। ফলে আনোয়ারা ও কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হবে। এলাকায় এখন খুশির জোয়ার বইছে। এই প্রকল্পের কারণে পাল্টে যাবে আনোয়ারা এলাকার চেহারা।