উপকূলজুড়ে কচ্ছপের মেলা
বালুচরে ডিম পাড়ার জন্য কক্সবাজার উপকূলে আসতে শুরু করেছে সামুদ্রিক কচ্ছপ। জেলার সেন্ট মার্টিন দ্বীপ, বদরমোকাম, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, মনখালী, হিমছড়ি, প্যাচারদিয়া ও সোনাদিয়া দ্বীপের সৈকতে দেখা মিলছে মা কচ্ছপের। জেলেদের মধ্যে সচেতনতা বাড়ার কারণে জালে আটকা পড়ে কাছিমের মৃত্যুর হার অনেক কমেছে।শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারের উপকূলীয় এলাকায় মা কচ্ছপ ডিম পাড়তে আসে। গত বছর এই সময় উপকূলে পুঁতে রাখা মাছ ধরার জালে আটকা পড়ে শত শত মা কচ্ছপ মারা পড়েছে। তবে পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠনগুলোর প্রচারণার কারণে এ বছর জেলেদের জালে আটকে কচ্ছপ মারা পড়ার খবর এখনো পাওয়া যায়নি। জেলেরা জানান, উপকূলের সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সাগর এলাকায় হরেক রকম কচ্ছপের বিচরণ দেখা যায়। আগে এসব কচ্ছপ জালে আটকা পড়লে জেলেরা লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলতেন। এখন জালে আটকা পড়লে কচ্ছপ ছেড়ে দেওয়া হচ্ছে। সামুদ্রিক প্রাণী গবেষণা সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও কচ্ছপ বিশেষজ্ঞ জহিরুল ইসলাম জানান, দেশের ভৌগোলিক সীমায় বঙ্গোপসাগরে কচ্ছপ বিচরণ করে। পশ্চিমে সুন্দরবন থেকে দক্ষিণ-পূর্বের সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্রসৈকতের বালুচরে এরা ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। স্থান ও প্রজাতিভেদে দিন-ক্ষণ পরিবর্তন হয়। বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল এবং হকসিবল—এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে। কচ্ছপ রক্ষায় সচেতনতা বাড়ছে: সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমীন জানান, ‘গত নভেম্বর মাস থেকে কচ্ছপ ডিম পাড়তে আসছে। তবে এ বছর এখনো কচ্ছপ মারা পড়তে দেখিনি।’তবে সেন্ট মার্টিন ও সোনাদিয়াসহ কচ্ছপের বিচরণ এলাকায় পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় কচ্ছপ প্রজনন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তাঁদের মতে, সৈকত এলাকায় শব্দদূষণ, জেনারেটর চালানো ও যানবাহনের আনাগোনা বেড়ে গেলে মা কচ্ছপ উপকূলে ডিম পাড়তে আসবে না।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সেন্ট মার্টিন ও টেকনাফের শাহপরীর দ্বীপ কচ্ছপের জন্য সংরক্ষিত এলাকা। এই এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী এ ব্যাপারে সহায়তা করছেন। কচ্ছপের ডিম চুরি বন্ধে সৈকতে পাহারা বসানো হয়েছে। কচ্ছপ পাচার কমেছে: সাগরে জাল পুঁতে, বেহন্দি জাল বসিয়ে, বড়শি দিয়ে কচ্ছপ ধরে একটি চক্র। পাচার হয় কচ্ছপের খোল, চামড়া ও ডিম। এ ছাড়া অতিরিক্ত মাছ ধরার কারণে কচ্ছপ প্রজননক্ষেত্র ধ্বংস হচ্ছে। তবে বর্তমানে এই প্রবণতা কমেছে। টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা আমীর সুলতান ২০-৩০ বছর ধরে কচ্ছপের ডিম মিয়ানমারে বিক্রি করেছেন। গত বছর থেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন বলে তিনি জানান।প্রচারণা কাজ দিয়েছেপ্রাণী বিশেষজ্ঞরা কচ্ছপ রক্ষার প্রয়োজনীয়তা জেলেদের কাছে তুলে ধরে ফল পেয়েছেন। বিশেষজ্ঞরা জানান, সামুদ্রিক কচ্ছপ সাগরে জেলিফিসসহ নানা প্রজাতির ক্ষতিকর প্রাণীর পোনা খেয়ে বাঁচে। জেলিফিসের সংখ্যা বেড়ে গেলে মাছের সংখ্যা কমে যায়। কচ্ছপ এই বিষাক্ত প্রাণী খেয়ে সাগরের মাছের ভান্ডার সমৃদ্ধ করছে। কচ্ছপের শত্রু বেহন্দি ও ভাসা জালমেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম জানান, গভীর সাগরে চিংড়ি ধরার ট্রলার ও নৌকার পুঁতে রাখা ১০ হাজারের বেশি বেহন্দি জাল এবং আট হাজারের বেশি ভাসা জালে আটকা পড়ে গত কয়েক বছরে পাঁচ হাজারের মতো কচ্ছপ মারা গেছে। এ ধরনের জালের ব্যবহার বন্ধের উদ্যোগ না নিলে কচ্ছপের প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে বলে তিনি জানান।