উপকূলজুড়ে সুপারির বাম্পার ফলন, চাষিরা খুশি
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে হিমছড়ি ঝরনা স্পট অতিক্রম করলে চোখে পড়ে প্যাঁচারদিয়া গ্রাম। পাহাড় আর সাগরের মাঝে সবুজ-শ্যামলে ভরা এই গ্রামটি এখন সুপারিতে ভরপুর। গত বছর প্রতিপণ (৮০টি সুপারি নিয়ে এক পণ) সুপারি বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। আর এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। বাড়তি দাম পেয়ে খুশিও মমতাজুল ইসলাম, মনিরা বেগম, গিয়াস উদ্দিনের মতো এই গ্রামের সুপারিচাষিরা। চাষি মমতাজুল ইসলাম (৪৫) জানান, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সমুদ্র উপকূলের এই গ্রামের বেশির ভাগ ঘরের সঙ্গে লাগানো সুপারি বাগান। প্রায় প্রতিটি বাগানে রয়েছে ২০০ থেকে পাঁচ হাজার সুপারি গাছ। প্রতিটি গাছে ২০০ থেকে ৪০০ সুপারি ধরেছে। যাঁদের বাড়িতে ২০০ সুপারিগাছ রয়েছে, এই মৌসুমে তারাও ১০ হাজার টাকার বেশি সুপারি বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে কম-বেশি সব পরিবারে বাড়তি আয় হচ্ছে। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, এবার উপকূলজুড়ে সুপারির বাম্পার ফলন হওয়ায় চাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অনেকে সুপারি চাষে এগিয়ে আসছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বহু চাষিকে ঋণ-সহায়তা দেওয়া হচ্ছে। গত বুধবার সমুদ্র উপকূলের ইনানী, সোনারপাড়া বাজার ঘুরে দেখা গেছে, সুপারি বিক্রির বিশাল হাট। টেকনাফ থানার সামনে খোলা মাঠে, পানবাজার সড়ক, নিলা বাসস্টেশন, সাবরাং বাজারেও একাধিক হাট বসিয়ে কোটি কোটি কাঁচা সুপারি বিক্রি করতে দেখা গেছে। টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলের গ্রাম মহেশখালীয়াপাড়া, গোদার বিল, ডেইলপাড়া, লেঙ্গুরবিল, লম্বরী, জাহালীয়াপাড়া, পল্লানপাড়া, নাজিরপাড়া, নাইট্যংপাড়া, মিঠাপানির ছড়া, রাজারছড়া, সাবরাং, আছারবনিয়া, মুন্ডাল ডেইল, খয়রাতিপাড়া, নয়াপাড়া, পানছড়িপাড়া, সিকদারপাড়া, শাহপরীর দ্বীপ, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, উত্তরপাড়া, কোনারপাড়া, বাহারছড়া, জাহাজপুরা, শামলাপুর, বড়ডেইল, মাথাভাঙা, শীলখালী গ্রামে সুপারির বাম্পার ফলন হয়েছে। চাষিরা এসব বাগানের গাছ থেকে সুপারি কেটে বাজারে তুলছেন বিক্রির জন্য। পাশাপাশি উখিয়া উপজেলার মনখালী, মারিষবনিয়া, সোনারপাড়া, ইনানী, রামু উপজেলার ফতেখাঁরকুল, চৌমুহনী, গর্জনিয়া, মহেশখালীর গোরকঘাটাসহ বিভিন্ন গ্রামে সুপারি কাটার ধুম পড়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন বাজার থেকে সোনালি রঙের কাঁচা সুপারি কিনে ট্রাক বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছেন। টেকনাফ উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে এই উপজেলায় ১৬৪টি গ্রামের প্রায় আট হাজার হেক্টর জমিতে চার হাজার বাগানে সুপারি চাষ হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকালে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের চাষি কেরামত আলী (৪৬) দুটি খোলা জিপ গাড়িতে করে নিজ বাগানের প্রায় ১০ মেট্রিক টন সুপারি টেকনাফ বাজারে নিয়ে আসেন। বিকেল চারটার মধ্যে তাঁর সব সুপারি বিক্রি শেষ হয়। প্রতিটন সুপারি তিনি বিক্রি করেন ১৬ হাজার টাকায়। পুরো সুপারি বিক্রি করে তিনি পেয়েছেন দুই লাখ টাকার বেশি। একইভাবে বাগানের সুপারি বিক্রি করে বাহারছড়ার চাষি সিরাজ মিয়া ৩৪ হাজার, কাদের হোসেন (৩৪) ৪৫ হাজার, মনখালীর রমজান আলী (৫৪) ৪৪ হাজার টাকা পান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু উপজেলাসহ বিভিন্ন স্থানে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সুপারি পাকতে শুরু করছে। নভেম্বর মাস পর্যন্ত এই সুপারি বিক্রি চলবে। পরিবেশ অনুকূলে থাকায় এবার সুপারির আকারও বড়, গুণ-মানও ভালো হচ্ছে।