চৌফলদণ্ডী-খুরুশকুল সেতু চালু হচ্ছে এ মাসে
উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের দূরত্ব কমবে ৫০ কিলোমিটার
এ মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী খালের ওপর তৈরি চৌফলদণ্ডী-খুরুশকুল সেতু আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। ১৮০ মিটার দীর্ঘ সেতুটি চালু হলে প্রস্তাবিত কক্সবাজার-চট্টগ্রাম উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের (এবিসি সড়ক) দূরত্ব ৫০ কিলোমিটার কমবে। এ ছাড়া, বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ১৫ কিলোমিটার। এতে কক্সবাজার সদর, রামুর একাংশ এবং চকরিয়া ও পেকুয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগ ও সময়ের অপচয় থেকে বাঁচবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সেতুর নির্মাণকাজ শেষ হলেও সড়কের খুরুশকুল অংশের ২২০ মিটার সংযোগ সড়কের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ফলে জনদুর্ভোগ থেকে শিগগিরই মুক্তি মিলবে না বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
গত রোববার সরেজমিন গিয়ে দেখা গেছে, সেতুর ওপর দিয়ে লোকজন চলাচল করলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কারণ, সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি।
স্থানীয় লোকজন জানান, সেতুটি নির্মাণ করতে সড়ক বিভাগের ১০ বছর সময় লেগেছে। এখন সেতুর কাজ শেষ হলেও সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় যান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ আগের মতোই থেকে গেছে।
ঈদগাঁও এলাকার চাষি কেরামত উল্লাহ বলেন, ‘ঈদগাঁও, ইসলামাবাদ ও ইসলামপুর এলাকায় উৎপাদিত লবণ, চিংড়িসহ তরিতরকারি ১৫ কিলোমিটার পথ ঘুরে রামু হয়ে কক্সবাজারে নিতে হচ্ছে কৃষকদের। এতে পরিবহন খাতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। সেতুর সঙ্গে সড়কটি চালু হলে এসব সমস্যা দূর হবে।’
চৌফলদণ্ডী মামুনপাড়ার চাষি নাছির উদ্দিন বলেন, সেতুর দক্ষিণ পাশে খুরুশকুল হতে কক্সবাজার শহর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক বিভাগের উচিত সংযোগ সড়কের কাজ যথাসম্ভব দ্রুত শেষ করা। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি চলতি মাসের মাঝামাঝি সময়ে চালু করা হবে। সেতুটি চালু হলে এবিসি সড়কে দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে। ফলে ঈদগাঁও এলাকার বিপুলসংখ্যক মানুষ কম সময়ে কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবে। তিনি বলেন, ‘সেতুর নির্মাণকাজ সম্প্রতি শেষ হলেও বৃষ্টির কারণে খুরুশকুল অংশের ২২০ মিটার সড়কের কাজ শেষ করা যাচ্ছে না। তবে সেতু উদ্বোধনের আগেই সড়কটি যান চলাচলের উপযোগী করার জন্য আমরা কাজ করছি।’
সওজ সূত্র জানায়, চৌফলদণ্ডী খালের ওপর সেতুর নির্মাণের জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। সেতুর অভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা চৌফলদণ্ডী, খুরুশকুল, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, পোকখালী, ইসলামপুর, খুটাখালী, ঈদগড়সহ কক্সবাজার সদর, রামুর একাংশ এবং চকরিয়া ও পেকুয়া উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ কঠিন ছিল। এসব এলাকার মানুষের যোগাযোগ সুবিধার লক্ষ্যে ২০০৩-০৪ অর্থবছরে যোগাযোগ মন্ত্রণালয় খালটির ওপর ১৮০ মিটার দীর্ঘ সেতু তৈরির প্রকল্প গ্রহণ করে।
১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। ২০০৪ সালের ৪ এপ্রিল সেতুর নির্মাণকাজ শুরু হলেও নানা কারণে কয়েক বছর কাজ বন্ধ থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেতুটির বাকি কাজ শেষ করা হয়।