উপকূলে ইলিশ ধরা বন্ধ ছিল না
কক্সবাজার সাগর উপকূলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা হয়েছে। মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান বন্ধ থাকায় কতিপয় ট্রলারমালিক সুযোগটি কাজে লাগিয়ে সাগর উপকূল থেকে লাখ লাখ টাকার ইলিশ ধরেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ অক্টোবর দুপুরে পেকুয়া উপকূল থেকে তিনটি পিকআপ বোঝাই করে পাচারের সময় পুলিশ বিপুল পরিমাণ জাটকা জব্দ করে। একই দিন চকরিয়া উপজেলার চোয়ারফাঁড়ি উপকূল থেকে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা জব্দ করেন আরও প্রায় ২০০ মণ ইলিশ। পরে এসব ইলিশ নিলামে বিক্রি করা হয়।এর সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন সাগরে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ছিল। এ সময় বিপুলসংখ্যক ট্রলার সাগরে নেমে ইলিশ ধরেছে বলে খবর রয়েছে। কিন্তু আধুনিক জলযানের অভাবে গভীর সাগরে নেমে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।চকরিয়ার বদরখালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) অহিদুর রহমান বলেন, ১০ অক্টোবর সকালে তাঁরা সাগরে অভিযান চালিয়ে কয়েকটি ট্রলার থেকে প্রায় ১০ মণ জাটকা জব্দ করেন। পরে এই ইলিশ নিলামে বিক্রি করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারমালিক জানান, বর্তমানে সাত হাজারের বেশি ট্রলার সাগরে ইলিশ ধরছে। সেখানে গিয়ে এ পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি। শহরের বাঁকখালী নদী, মহেশখালী, সোনাদিয়া চ্যানেলে প্রথম দুই দিন (৬ ও ৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এরপর অভিযান বন্ধ থাকায় রাতের বেলায় ট্রলারগুলো ঘাটে এসে ইলিশ খালাস করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ ও ৭ অক্টোবর ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাঁকখালী নদীসহ বিভিন্ন উপকূলে অভিযান চালিয়ে দেড় হাজার জাটকা জব্দসহ ১৪টি ট্রলার থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে ১৪ ট্রলারমালিকের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু তার পরও ইলিশ ধরা বন্ধ হয়নি।জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, ‘অভিযান বন্ধ হয়নি। তবে গভীর সাগরে গিয়ে অভিযান চালানোর মতো জলযান আমাদের নেই। তার পরও আমরা উপকূলে সতর্ক দৃষ্টি রেখেছি।’কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে অধিকাংশ ট্রলার সাগরে ইলিশ ধরা বন্ধ রেখেছে। যেসব ইলিশ ধরা পড়ছে, তা নিষেধাজ্ঞার আগে ধরা বলে তিনি দাবি করেন।