উপকূলে তারকা হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণে উখিয়া উপজেলার নির্জন গ্রাম ইনানী। এই গ্রামের পূর্ব দিকে উঁচু পাহাড়, পশ্চিমে সমুদ্রসৈকত। সৈকত আর পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে ‘কক্সবাজার-টেকনাফ’ ৯০ কিলোমিটারের মেরিনড্রাইভ সড়ক। এ সড়কের পাশেই প্রায় ১৫ একর জমিতে তৈরি হয়েছে হোটেল ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লি.’।

গত বছরের সেপ্টেম্বরে চালু হওয়া এ হোটেলটিতেকক্ষ আছে ৪৯৩টি। ন্যূনতম ভাড়া প্রতি রাত নয় হাজার টাকা। কক্ষ থেকেই সমুদ্র দেখা যায়। আছে চারটি রেস্তোরাঁ, তিনটি সুইমিংপুল। এর মধ্যে একটি সুইমিংপুল শুধু নারীদের জন্য। ঐতিহ্যবাহী থাই স্পা ও অ্যারোমা থেরাপি, আইসক্রিম স্টল, পার্লার রয়েছে। দেশি ও বিদেশি নানা খাবারও আছে এতে। আছে ফিটনেস সেন্টার, শিশুদের জন্য থ্রিডি ভিডিও গেম কর্নার, লবি জুস বার ও ক্যাফে। রয়েছে ১০ হাজার বর্গফুটের মিলনায়তন।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক বলেন, ‘আমরা আধুনিক পর্যটন ব্যবস্থার সব আয়োজন এখানে রেখেছি। আয়েশ করে বেড়ানোর সময়টা আরও আনন্দময় করে তুলতে হোটেলে রয়েছে আধুনিক সুবিধা। করপোরেট প্রতিষ্ঠানের নানা ধরনের অনুষ্ঠানের সুবিধা মিলবে এখানে।’ হোটেল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিখ্যাত লোভার গ্রুপ অব হোটেলসের ‘রয়েল গোল্ডেন টিউলিপ’ ব্র্যান্ডের চেইনে নির্মাণ করা হয়েছে এ হোটেলে।