উপকূলে পোনা আহরণে নেমেছেন ব্যবসায়ীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন অংশে সাগর-নদী ও শাখা খালগুলো থেকে মশারি জাল বসিয়ে জাটকা ও পোনা আহরণ করছেন কিছু ব্যবসায়ী। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত পোনা ও মাছ আহরণ নিষিদ্ধ।
এদিকে মার্চ মাসের শুরু থেকে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও কুতুবদিয়া মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ মশারির জাল জব্দ করেন। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তার পরও থেমে নেই পোনা আহরণকারীরা।
পেকুয়া এলাকার জেলে ছলিম উদ্দিন, কলিম উল্লাহ ও ছিদ্দিক আহমদ জানান, প্রকৃত জেলেরা সরকারের আদেশ মেনে পোনা আহরণ বন্ধ রাখলেও কিছু ব্যবসায়ী বেশি টাকার লোভ দেখিয়ে শ্রমিক খাটিয়ে মৎস্য পোনা আহরণ করছেন। সুবিধাভোগী পোনা ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ না হলে চকরিয়া ও পেকুয়া উপজেলা মৎস্যভান্ডার শূন্য হয়ে পড়বে। তখন জেলেদের সাগরে নেমে মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হবে।
কক্সবাজার জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, সরকারিভাবে বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত সব ধরনের মৎস্য ও পোনা আহরণ বন্ধের সুনির্দিষ্ট আদেশ রয়েছে। কিন্তু পেকুয়া উপজেলার কিছু পোনা ব্যবসায়ী প্রকৃত জেলেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মৎস্য ও পোনা আহরণ করছেন। জেলে নেতারা জানান, কক্সবাজার জেলায় জেলে রয়েছেন ২২ হাজার। এর মধ্যে চকরিয়া উপজেলায় তিন হাজার ৪৪১ ও পেকুয়ায় তিন হাজার ৬০০ জন জেলে রয়েছেন। তাঁরা কেউ পোনা আহরণে নামেননি।
এদিকে প্রশাসন পোনা ও জাটকা নিধনে কঠোর হওয়ায় গত ১৮ মার্চ পেকুয়া উপজেলা পরিষদের সামনে জেলেদের নামে পোনা ব্যবসায়ীরা উপজেলা মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন পোনা ব্যবসায়ী নুরুল আমিন, জাকের হোছাইন, নুর মোহাম্মদ প্রমুখ।
জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, ‘আমরা জেলে না হলেও ব্যবসায়ী। নিষিদ্ধ জাল আমরা ব্যবহার করছি না। কিন্তু বিহিঙ্গি জালও বসাতে দিচ্ছে না। তাই মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি করে মানববন্ধন করেছি।’
পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ‘পোনা ও জাটকা নিধনে মৎস্য মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। সাগরে নিয়মিত অভিযান চালানোর কারণে পোনা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তবে আমি থাকি আর না থাকি পোনা ও জাটকা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মতে, প্রতি বছর নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত সমুদ্র উপকূলের সাগর, নদী ও শাখা খালগুলো থেকে সব ধরনের মৎস্য ও পোনা আহরণ বন্ধ থাকে। উল্লিখিত সময়ে কেউ এসব পয়েন্ট থেকে মৎস্য ও পোনা আহরণ করলে তাঁকে গ্রেপ্তার করে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর ও সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে গুনতে হবে পাঁচ হাজার টাকা অর্থ জরিমানাও।