
কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলার কুতুবদিয়ার লেমশিখালী জেটিঘাটে আবারও নোঙর করে উপকূলের মানুষকে সেবা দিচ্ছে রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল। বিনা মূল্যে বিদেশি চিকিৎসকের সেবা পেয়ে খুশি দ্বীপের মানুষজন।
গত ২৩ জানুয়ারি থেকে লেমশিখালী জেটিঘাটে দ্বীপের লোকজনকে চিকিৎসাসেবা দিচ্ছে ভাসমান হাসপাতালটি। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে সেবা দেবেন চিকিসৎকেরা। ভাসমান হাসপাতালটি মূলত একটি জাহাজ। এটিকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক লোক জাহাজের ডেকে বসে আছেন। কমবেশি সবার কোলে অসুস্থ শিশু।
কথা হয় দক্ষিণ ধুরুং এলাকার বাসিন্দা মো. শাহজাহানের সঙ্গে। তিনি এসেছেন দেড় বছর বয়সী ছেলে জুনাইদকে নিয়ে।
তিনি বলেন, ‘জন্মের পর রিকেট রোগে আক্রান্ত হয়ে ছেলের পা বাঁকা হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহুবার নেওয়া হয়েছে। কিন্তু এই রোগের চিকিৎসক পাওয়া যায়নি। কক্সবাজার কিংবা চট্টগ্রামে নিয়ে চিকিৎসা করার মতো অবস্থা আমার নেই। এখন ফ্রেন্ডশিপ হাসপাতালে বিদেশি চিকিৎসকের খবর পেয়ে ছেলেকে নিয়ে এসেছি।’
এক বছর বয়সী মেয়ে নাদিয়াকে নিয়ে আসেন উপজেলার নয়াপাড়ার গৃহবধূ হুমাইরা বেগম (৩৮)। তিনি বলেন, ‘জাহাজে পা বাঁকা রোগীর চিকিৎসা হচ্ছে শুনে ছুটে এসেছি। বিদেশিরা খুব যত্ন নিয়ে মেয়ের পা দেখেছেন। এখন বিনা মূল্যে অস্ত্রোপচার হবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক সরওয়ার হোসেন বলেন, ছয়জন বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে এই উপকূলে পা বাঁকা রোগী ও হার্নিয়ার অস্ত্রোপচারের চিকিৎসা চলছে। এ ছাড়া ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে শিশুদের নানা রোগের চিকিৎসাসেবা দেওয়া হবে।
ওই দিন বিকেলে ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রথমে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন। তারপর জার্মান থেকে আসা বিদেশি চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন।
জার্মানি থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতা হাউসডর্ফ জর্গ বলেন, দীর্ঘদিন ধরে যারা বিকলাঙ্গ, পাইলসসহ নানা জটিল রোগে ভুগছে, তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে হাসপাতালে। আমরা দেখেছি, উপকূলের অনেক শিশু জন্মের পর থেকে বিকলাঙ্গ হাত-পা নিয়ে বড় হচ্ছে।
চিকিৎসকেরা জানান, জার্মানের আর্ডজ ক্যাম্প নামে একটি সংস্থার পক্ষ থেকে তাঁরা বাংলাদেশে এসেছেন। রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের সঙ্গে তাঁরা বাংলাদেশের উপকূলে সুবিধাবঞ্চিত লোকজনকে সেবা দিতে পেরে খুশি। উপকূলে জন্মগত বিকলাঙ্গ শিশুদের যথাযথ চিকিৎসা–সুবিধা দেওয়া হলে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
উল্লেখ্য, ফ্রেন্ডশিপ ২০০২ সাল থেকে উপকূল ও চরাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল রয়েছে তিনটি। এগুলো হচ্ছে লাইফবয় ফ্রেন্ডশিপ, এমিরেটস ফ্রেন্ডশিপ ও রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতাল।
রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্মকর্তা সবুর চৌধুরী বলেন, ভাসমান এই হাসপাতালের মাধ্যমে প্রতিবছর উপকূলের প্রায় ৪৫ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।