উপকূলে বৈশাখী মেলা

এক পাশে পান্তা-ইলিশ। আরেক পাশে রকমারি পিঠাপুলি। আর মাঠে গরু-মহিষ ও মোরগের লড়াই। শুধু তাই নয়, দিনব্যাপী চলে জারি-পালা গান, পুঁথিপাঠ ও লোকনৃত্য। নানা সামগ্রীর স্টল তো রয়েছেই। এত সব আয়োজনে বৈশাখী মেলায় মেতে ছিল কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলের চৌধুরীপাড়া গ্রামের হাজারো মানুষ। নববর্ষের দিন এখানকার রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ বখতিয়ার চেমন বাহার চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এই মেলার আয়োজন করে।
সকাল সাড়ে সাতটায় ১২টি পায়রা উড়িয়ে বৈশাখী মেলা উদ্বোধন করেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, শিক্ষক কামাল উদ্দিন, সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।

সকাল আটটায় মেলায় গিয়ে দেখা গেছে, কয়েক হাজার মানুষ বিশাল মাঠে উপভোগ করছেন মহিষের লড়াই। এরপর শুরু হয় ষাঁড়ের লড়াই। তবে বন মোরগ আর ভেড়া-ছাগলের লড়াই দর্শকদের বেশি আনন্দ দেয়। গরম উপেক্ষা করে গ্রামের নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা নতুন পোশাক পরে মেলায় সমবেত হয়।
তিনতলার রুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় খুদে শিক্ষার্থীরা আয়োজন করে রকমারি খাবারের। অভিভাবকেরা শিক্ষার্থীদের তৈরি করে দেন নানা রকমের পিঠা। এ ছাড়া অন্যান্য খাবারও ছিল। এদিকে সৈয়দ বকতিয়ার চেমন আরা চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিচতলায় চলে পান্তা- ইলিশ খাওয়ার উৎসব। গ্রামের বিভিন্ন ঘর থেকে বিদ্যালয়ে পাঠানো হয় ভাত। তারপর বিদ্যালয় প্রাঙ্গণে রান্না করা ইলিশের সঙ্গে চলে নানা প্রান্ত থেকে আসা মানুষের পান্তা-ইলিশ খাওয়ার ধুম। বিকেলে বের হয় বর্ণাঢ্য বৈশাখীর শোভাযাত্রা। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে চলে শিক্ষার্থীদের নাচ গান আর প্রবীণ ব্যক্তিদের পুঁথিপাঠের আসর।
রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘গত বছর থেকে আমরা দুর্গম ও সমুদ্র উপকূলের মানুষজনকে আনন্দ দিতে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছি। এবার মানুষের উপস্থিতি দুই গুণ বেড়েছে। আগামী বছর মেলায় এসব আয়োজনের পাশাপাশি আমরা সাপ-বেজির লড়াই, ঘোড়দৌড়, হাতির শোভাযাত্রা ও নাগরদোলার সংযোজন করব।’
সৈয়দ বখতিয়ার চেমন বাহার চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি আশরাফ জাহান চৌধুরী বলেন, ‘ঘরে ঘরে বৈশাখীর আনন্দ ছড়িয়ে দিতে আমরা এই আয়োজন করেছি। গ্রামের কমবেশি সব ঘরে ভাত রান্না করে তারপর এখানে পাঠানো হয়। আবার ঘরের মানুষ এখানে সমবেত হয়ে সেই পান্তা-ইলিশ ভোজন করেন। এতে সবাই খুশি।’
স্থানীয় বাসিন্দা মো. শফি সওদাগর (৭২) বলেন, আগে পাড়ায় পাড়ায় ঢোল পিটিয়ে মহিষের লড়াই হতো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে মহিষের লড়াই দেখত। আর এখন তো সেসব স্মৃতি। তাই এখানে ছুটে আসা।
গৃহবধূ মোমেনা আকতার বলেন, ‘বন মোরগের লড়াই দেখে বেশ আনন্দ পেয়েছি। তা ছাড়া ছোটদের পরিবেশনায় পিঠা উৎসবও চমৎকার হয়েছে।’