
কক্সবাজারে মাঠে উৎপাদিত লবণের দাম সব রেকর্ড ভেঙে গেছে। এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। সেই হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০ টাকা।
চাষিদের দাবি, স্বাধীনতার পর থেকে তাঁরা এত বেশি টাকায় আর লবণ বিক্রি করেননি। বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করায় এই দাম পাওয়া যাচ্ছে। অতিরিক্ত দাম উপকূলের মানুষের ভাগ্য খুলে যাচ্ছে। এতে চাষিরা মহাখুশি।
২১ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, হাজার হাজার একর জমিতে চাষিরা সমুদ্রের লোনা পানি ঢুকিয়ে সূর্য তাপে সেই পানি শুকিয়ে উৎপাদন করছেন সাদা লবণ। বিকেলে মাঠের সেই লবণ ঘরে তুলছেন চাষিরা।
ঈদগাঁও এলাকার চাষি সাজেদুল ইসলাম জানান, গত ২০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মাঠে উৎপাদিত প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ৩০০ টাকা। তা ১৫ জানুয়ারি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টাকায়। আর গত এক সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
পোকখালীর চাষি মো. আবদুল্লাহ জানান, পাঁচ-ছয় বছর ধরে প্রান্তিক চাষিরা প্রতি কেজি লবণ দুই থেকে তিন টাকার বেশি দামে বিক্রি করতে পারেননি। কারণ ভারত ও মিয়ানমার থেকে লবণ এনে বাজার সয়লাব করা হতো। স্বাধীনতার পর চাষিরা মাঠে উৎপাদিত লবণ কেজি ১০ টাকায় বিক্রির সুযোগ পাননি।
একই উপজেলার খুরুশকূল, চৌফলদণ্ডী, ইসলামাবাদসহ জেলার মহেশখালী, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় লবণের বাম্পার উৎপাদন হচ্ছে।
খুরুশকূলের মামুনপাড়ার চাষি আবুল হাশেম জানান, বিদেশ থেকে লবণ আমদানির কারণে এত দিন তাঁরা মাঠে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাননি। সম্প্রতি লবণ আমদানি বন্ধ ঘোষণা দিলে মাঠে উৎপাদিত লবণের দাম দ্রুত বেড়ে যায়। এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
টেকনাফ উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি শফিক মিয়া বলেন, উপজেলায় প্রায় ২৪ হাজার একর জমিতে লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন ১৪ হাজার পরিবার। কয়েক বছর ধরে লবণের ন্যায্যমূল্য না পেয়ে ৯০ শতাংশ চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার লবণের দাম বাড়ায় চাষিরা বিপুল উৎসাহ নিয়ে মাঠে নেমেছেন। আগামী এপ্রিল পর্যন্ত পুরো মৌসুমজুড়ে দামের হেরফের না হলে এবার লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদিত হবে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ জানান, লবণ আমদানি বন্ধ করতে তিনি শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেন। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলের গরিব মানুষকে স্বাবলম্বী করতে ভারত থেকে লবণ আমদানি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। লবণের উচ্চমূল্য এখন উপকূলের লাখো মানুষের ভাগ্য খুলে যাচ্ছে। বিপুল উৎসাহ নিয়ে চাষিরা মাঠে। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই জাতীয় চাহিদা পূরণ সম্ভব হবে।
বিসিক কক্সবাজারের লবণ শিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, গত বছর জেলায় লবণ চাষ হয়েছে ৫৯ হাজার ৯৬০ একর জমিতে। তখন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন। এবার ৬২ হাজার একর জমিতে লবণ উৎপাদন চলছে। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। সারা দেশে লবণের চাহিদা ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টন।
বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন জানান, দাম বাড়ায় এখন মাঠে লবণ উৎপাদনের মহোৎসব চলছে। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রায় এক মাসে জেলায় লবণ উৎপাদিত হয়েছে ৮০ হাজার মেট্রিক টনের বেশি। জেলায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ লবণ উৎপাদন ও বিপণনে জড়িত অন্তত পাঁচ লাখ মানুষ।