উপকূলে রংধনুর আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের ডেকে নিবন্ধন করাতে রোগীদের লম্বা লাইন। ছবিটি ৫ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো
রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের ডেকে নিবন্ধন করাতে রোগীদের লম্বা লাইন। ছবিটি ৫ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো

পেকুয়ার মগনামা লঞ্চঘাটের অদূরে নোঙর করে আছে বড় এক জাহাজ। দলে দলে ইঞ্জিনচালিত নৌকা করে সবাই ভিড়ছে জাহাজের কাছে। এ নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। তবে এ উচ্ছ্বাস বড় জাহাজ দেখার নয়, দীর্ঘদিনের কষ্ট লাঘবের। জাহাজেই রয়েছে আধুনিক চিকিৎসার সব সুযোগ, তাও বিনা মূল্যে। সারা বছর রোগ-েশাকে ভোগা মানুষগুলো সেবা পেয়ে বেজায় খুশি। এই জাহাজ স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রংধনু’।
গত ১৪ জানুয়ারি থেকে রংধনু কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের কাছেই কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে। সেবা িদয়ে যাচ্ছে সমুদ্র উপকূলের চিকিৎসা বঞ্চিত মানুষদের। যাঁরাই খবর পাচ্ছেন, ছুটে যাচ্ছেন রংধনুতে। চিকিৎসা নিয়ে ফিরছেন বাড়ি।
৫ ফেব্রুয়ারি হাসপাতালে গিয়ে দেখা যায়, জাহাজের ডেকে চলছে নিবন্ধন। লম্বা লাইন। নিবন্ধন কার্যক্রম শেষে অপেক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকের। ডাক পেলেই স্বস্তি। এভাবেই চলছে চিকিৎসা কার্যক্রম।
জাহাজের ভেতরে ঢুকে দেখা যায়, কম্পিউটারভিত্তিক হাসপাতাল ব্যবস্থাপনা। হাসপাতালে জরুরি সেবা দেওয়ার জন্য রয়েছে চারটি শয্যা। চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ। এ ছাড়া রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ, দন্ত ও চক্ষু বিভাগ, রোগ নির্ণয়কেন্দ্র এবং নারী-শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা বিভাগ। একটি ফার্মেসিও রয়েছে, যেখান থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। জাহাজটিতে সব সময় কাজ করেন তিনজন চিকিৎসকসহ ২৯জন কর্মী।
হাসপাতালের কর্মকর্তারা জানান, ইতিমধ্যে গত ২৮ ও ২৯ জানুয়ারি একটি চক্ষুশিবির শেষ হয়েছে। এখন আরেকটির কার্যক্রম শেষ পর্যায়ে। চক্ষু শিবিরে ২৪০ জন রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে চোখের ছানি অপসারণ করে ল্যান্স লাগানো হয়েছে।
জাহাজেই কথা হয় বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালীর বাসিন্দা আবুল খায়েরের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘টাকা খরচ করে চোখের অপারেশন করা আমার সম্ভব ছিল না। রংধনুর কাছে এসে বিনা মূল্যে আমি চোখের আলো ফিরে পেয়েছি।’ রাজাখালী ইউনিয়নের আমিন বাজার এলাকার বাসিন্দা ছালেহা বেগম বলেন, বন্যার সময় ঘরের চালা থেকে ময়লা পড়ে চোখের মধ্যে সমস্যা দেখা দেয়। টাকার অভাবে এত দিন চিকিৎসা করাতে পারিনি। এখানে চোখের চিকিৎসা চলছে শুনে ছুটে এসেছি।’
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মইনুল হক বলেন, ‘নিয়মিত রোগী দেখা হচ্ছে। এর মধ্যে যাঁদের চোখে অস্ত্রোপচারের দরকার তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে।’
রংধনুর প্রশাসনিক কর্মকর্তা কাজী শাহজাহান জানান, ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার হাজার ৩৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪০ জনকে চোখের রোগীকে অস্ত্রোপচার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা, সঙ্গে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে হার্নিয়া, নাক, কান ও গলা এবং দাঁতের চিকিৎসাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। তা ছাড়া যেসব রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে ইসিজি, আলট্রাসনোগ্রাফি ও এক্স-রে করানো হচ্ছে। তিনি জানান, এখানে হাসপাতাল থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
হাসপাতালের চিকিৎসক রতন কুমার খীসা বলেন, দিনে ১৮০ থেকে ২২০ জন রোগী দেখতে হচ্ছে। বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অনেক বৃদ্ধ লোকজন মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, ‘উপকূলের অনেক মানুষ রয়েছে, যাঁরা উপজেলা কিংবা জেলা সদরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের চিকিৎসা করাবেন, সেটা তাঁরা কখনো কল্পনা করেননি। রংধনু হাসপাতালের মাধ্যমে তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিচ্ছেন।’
প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ নভেম্বর থেকে রংধনু ফ্রেন্ডশিপ হাসপাতালটি যাত্রা করে। এ সংস্থার আরও দুটি ভাসমান হাসপাতাল রয়েছে। এর মধ্যে একটির নাম লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল অন্যটি এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল। প্রথমটির কার্যক্রম শুরু হয় ২০০১ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টির ২০০৮ এর নভেম্বরে।
ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বলেন, রেইনবো ওয়ারিয়ার-২ নামের গ্রিনপিস ইন্টারন্যাশনালের একটি জাহাজ সারা বিশ্বে পরিবেশ রক্ষার প্রচারণার কাজে ব্যবহার হতো। ২০১১ সালের ১৬ আগস্ট জাহাজটি বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডশিপের কাছে হস্তান্তর করা হয়। পরে সেই জাহাজটিকে রূপান্তর করা হয় হাসপাতালে। এতে বিশ্বের কয়েকটি দাতব্য সংস্থা আর্থিক সহায়তা দেয়।’ তিনি আরও জানান, ঘূর্ণিঝড় সিডরের সময় উপকূলে ভাসমান হাসপাতাল নিয়ে জরুরি সেবা দেয় তাঁর সংস্থা। এ সময় দেখেন উপকূলের বেশির ভাগ মানুষ গরিব ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের জন্যই চালু করা হয় রংধনু।