উপকূলে শুঁটকি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাদিয়া দ্বীপে উত্পাদিত শুঁটকি আঁটি করে বাঁধা হচ্ছে   প্রথম আলো
সোনাদিয়া দ্বীপে উত্পাদিত শুঁটকি আঁটি করে বাঁধা হচ্ছে প্রথম আলো

কক্সবাজার সমুদ্র উপকূলে এখন চলছে শুঁটকি উৎসব। আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত চলবে শুঁটকি তৈরি। এই মৌসুমে দেশের চাহিদা মিটিয়ে প্রায় ৩০০ কোটি টাকার শুঁটকি রপ্তানির আশা করছেন ব্যবসায়ীরা।
১০ সেপ্টেম্বর সকালে জেলার সাগরদ্বীপ সোনাদিয়ার মগচর এলাকার গিয়ে দেখা গেছে, ২০টির বেশি মহালে (শুঁটকি তৈরির কারখানা) রোদে বিপুল পরিমাণ মাছ শুঁটকি করা হচ্ছে। এর মধ্যে লইট্যা ও ছুরি শুঁটকি বেশি। গভীর সাগর থেকে জেলেরা মাছ ধরে এখানে বিক্রি করছেন।
মগচরের জেলে আবদুল মান্নার (৪৮) বলেন, শুঁটকি উপযোগী মাছ ধরার জন্য ছোট ইঞ্জিন ট্রলার রয়েছে পাঁচ শতাধিক। প্রতিদিন এসব ট্রলারে ১০ থেকে ৩০ লাখ টাকার মাছ ধরা পড়ছে।
মগচরের শুঁটকি ব্যবসায়ী ফরিদ আহমদ (৪৬) বলেন, ‘মৌসুমের নতুন শুঁটকি হাটবাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। গত পাঁচ দিনে ১২ মণ লইট্যা ও ছুরি শুঁটকি চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ করেছি।’
একটি মহালের মালিক সিরাজ মিয়া (৪৫) জানান, তাঁর একটি মহালে এ পর্যন্ত ২০ লাখ টাকার শুঁটকি উৎপাদিত হয়েছে। কয়েক দিনের মধ্যে এই চরের আরও ৩১টি মহালে শুঁটকি উৎপাদনের ধুম পড়বে।
এদিকে কক্সবাজার শহরের নাজিরাটেক, ফদনারডেইল, নুনিয়াছটা, মগচিতাপাড়া, খুরুশকূল, চৌফলদণ্ডীসহ জেলার বিভিন্ন স্থানে আরও তিন শতাধিক মহালেও শুঁটকি উৎপাদন চলছে। জানা গেছে, বৃষ্টিপাত কমে যাওয়ায় চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ও সৈকতের বালুচরে বাঁশের মাচা তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ শুঁটকি করা হচ্ছে। ঘরের চালে ও আঙিনায় মাচা বানিয়েও অনেকে শুঁটকি তৈরি করছেন। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, বর্তমানে জেলার প্রায় ছয় হাজার ট্রলার সাগরে গিয়ে ইলিশ, কোরাল, লাক্ষ্যা, চাপা, কামিলা, হাঙর, রুপচাঁদা, পোপা, রাঙাচকি, মাইট্যা, কালো চাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ উপকূলে শুঁটকি করা হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি রুপচাঁদা এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা, মাইট্যা ৮০০ থেকে এক হাজার ২০০, কোরাল এক হাজার থেকে এক হাজার ৬০০, পোপা ৪০০ থেকে এক হাজার ২০০, চিংড়ি এক হাজার থেকে এক হাজার ৫০০, লইট্যা ৪৫০ থেকে ৯০০, ছুরি ৭০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন জানান, শহরের নুনিয়াছটাসহ বিভিন্ন এলাকার ২৯টি কারখানা হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় শুধু পোপা শুঁটকি রপ্তানি করে গত বছর ১৪৫ কোটি টাকা আয় করে। এ বছর উৎপাদন ভালো হলে শুঁটকি রপ্তানিতে এসব কারখানা প্রায় ৩০০ কোটি টাকা আয় করতে পারে।