উপকৃত হবেন চার হাজার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রণোদনা হিসেবে বীজ, সার ও অর্থ বিতরণ করছে সরকার। এতে চার হাজারের বেশি কৃষক উপকৃত হবেন। এ কাজে ৫৪ লাখ টাকার বেশি খরচ হয়েছে সরকারের।২১ এপ্রিল সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানে দুই হাজার ২০ জন কৃষকের হাতে বীজ, সার ও টাকার চেক বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বকাউলের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সুনিল চন্দ্র ধর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস। ফেনী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে ফেনী জেলায় চাষিদের উচ্চফলনশীল (উফশী) ও নেরিকা জাতের আউশ চাষে উৎসাহ দেওয়ার জন্য মোট চার হাজার ৭০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধান চাষের জন্য তিন হাজার ৭২০ জনকে এবং আফ্রিকান নেরিকা জাতের ধান চাষের জন্য ৩৫৩ জনকে প্রণোদনা দেওয়া হয়। সোনাগাজী উপজেলায় দুই হাজার ২০ জন, দাগনভূঁঞায় ৬৭৫ জন, ফেনী সদরে ৭২৫ জন, ছাগলনাইয়ায় ৫০০ জন এবং ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৭৫ জন করে কৃষক এ প্রণোদনাসুবিধা পেয়েছেন। জানা গেছে, ফেনী জেলায় একসময় প্রায় ৫৫ হাজার একর জমিতে আউশ ধানের চাষ হতো। বর্তমানে তা এক-তৃতীয়াংশে নেমে এসেছে।সুনিল চন্দ্র ধর বলেন, সাম্প্রতিক সময় দেশে নানা কারণে কৃষকেরা আউশ চাষে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তাঁদের সেই উৎসাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।