মিরসরাই উপজেলা, বারইয়ারহাট এবং মিরসরাই পৌর বিএনপির তিন নতুন কমিটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী স্বাক্ষরিত দুই ধরনের চিঠি নিয়ে উপজেলার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এই বিভ্রান্তি।জানা গেছে, গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং তাতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। ওই চিঠিতে অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে ৫০ সদস্যের মিরসরাই উপজেলা কমিটি, ফকির আহাম্মদকে আহ্বায়ক ও জামশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের মিরসরাই পৌর এবং মাঈন উদ্দিন লিটনকে আহ্বায়ক করে বারইয়ারহাট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।আবার গত ২৯ জানুয়ারি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী স্বাক্ষরিত আরেকটি চিঠিতে দাবি করা হয়েছে, মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌর বিএনপির বিলুপ্ত করা কমিটি এখনো গঠন করা হয়নি। বিএনপির কতিপয় ব্যক্তি তিনটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পাঠাচ্ছেন। সদ্য বিলুপ্ত মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন জানান, মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির নতুন আহ্বায়ক গঠিত গঠন করা হয়েছে। ওই কমিটিগুলো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী যৌথ স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন।কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী মুঠোফোনে জানান, মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গত ২৪ জানুয়ারি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মিরসরাইয়ে বিএনপির কোনো নতুন আহ্বায়ক কমিটি (তিনটি কমিটি) ঘোষণা করা হয়নি। কিন্তু বিএনপির কতিপয় ব্যক্তি আমার স্বাক্ষর জাল করে মিরসরাই নতুন কমিটি হয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পাঠাচ্ছেন। তিনি সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। অচিরেই তিনটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।