উপজেলা কার্যালয়ের দেয়ালেও পোস্টার
হাটহাজারী উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে চলছে নির্বাচনী প্রচারণা। দেয়ালে সাঁটানো হচ্ছে পোস্টার-স্টিকার। এমনকি পোস্টার সাঁটানো হয়েছে উপজেলা কার্যালয়ের দেয়ালেও।খোঁজ নিয়ে জানা গেছে, সদর ইউনিয়ন ছাড়াও ১৪টি ইউনিয়নের মধ্যে চিকনদণ্ডী, শিকারপুর, বুড়িশ্চর, নাঙ্গলমোড়া, মির্জাপুর, ফরহাদাবাদ, মেখল ও গড়দুয়ারা ইউনিয়নে প্রচারণা চলছে বেশি। এর মধ্যে নাঙ্গলমোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহাবউদ্দিনের (দোয়াত-কলম) প্রচারণা চোখে পড়ার মতো। তাঁর পোস্টার সাঁটানো হয়েছে উপজেলা পরিষদের মিলনায়তনে। দেয়ালে পোস্টার সাঁটানোর কথা অস্বীকার করে মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, ‘কারা আমার পোস্টার উপজেলা পরিষদের দেয়ালে লাগিয়েছে, তা আমি জানি না।’এ ছাড়া গত শনিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবরের পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাঁর ভাই মো. হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেন।উত্তর মাদার্শা এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী মুছা আলম অভিযোগ করেন, এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর সাঁটানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে এবং মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় ভীতি ছড়াচ্ছে।’ তিনি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান। এর সত্যতা স্বীকার করে উত্তর মাদার্শা ইউনিয়নে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘প্রার্থীরা আমাকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। তবে নির্দিষ্ট করে কোনো অভিযোগ না দেওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে পারছি না। ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ভ্রাম্যমাণ আদালতসহ আমাদের সমন্বয়কারী ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মহোদয় নির্বাচনী এলাকা মনিটরিং করেছেন। যদি এ রকম অভিযোগ পাওয়া যায়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সেখ ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তার ওপর নজর রেখেছি।’ উপজেলা মিলনায়তনের দেয়ালে পোস্টার সাঁটানো প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলা কম্পাউন্ডের ভেতরে পোস্টার সাঁটানো হয়েছে কি না, তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।’