উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব সুনির্দিষ্ট না থাকা এবং উপজেলা পরিষদ অধ্যাদেশ অনুযায়ী দায়িত্ব বণ্টন না হওয়ায় তাঁরা সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না। উপজেলা পরিষদ জনগণের চাহিদা মেটাতে পারছে না। ফলে তৃণমূল পর্যায়ে সুশাসন নিশ্চিত হচ্ছে না, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অন্যদিকে আমলানির্ভর স্থানীয় সরকার হওয়ায় এতে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। গত ৩০ এপ্রিল নগরের চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) মিলনায়তনে উপজেলা ‘মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সিএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক ও সিএসডিএফের ভাইস চেয়ারপারসন কাজী ইকবাল বাহার। আলোচনায় অংশ নেন নারীনেত্রী জেসমিন সুলতানা, ভাইস চেয়ারম্যান ইয়ামুন্নাহার, রেহেনা বেগম চৌধুরী, মাজেদা বেগম, সাজেদা বেগম, দিলরুবা শহীদ, রেহেনা আক্তার, ফৌজিয়া খানম, গুলশান আরা বেগম, সাহিদা আক্তার প্রমুখ। মহিলা ভাইস চেয়ারম্যানরা বলেন, ‘সরকার আমলাদের কারণে উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছে। স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করছেন। জনগণের বিপুল রায়ে নির্বাচিত হলেও তাঁদের কাঙ্ক্ষিত সেবা করা যাচ্ছে না। উপজেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের আধিপত্যবাদী মনোভাবের কারণে প্রশাসনিক কর্মকর্তারাও মহিলা ভাইস চেয়ারম্যানদের এড়িয়ে চলেন।’ বক্তারা আরও বলেন, পরিপত্র অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি করার বিধান থাকলেও তা কার্যকর করা হচ্ছে না। ফলে মহিলা ভাইস চেয়ারম্যানরা নারী ও শিশুবিষয়ক কার্যক্রম, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।