উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন বাঘাইছড়ির সাত গ্রামের মানুষ
ছোট্ট ছড়ার ওপর সেতুর অভাবে দীঘিনালার মেরুং ইউনিয়নের সাত গ্রামের মানুষ বর্ষাকালে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন থাকেন। এ সময় গ্রামের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। হাট-বাজারে কেনাকাটাসহ প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার প্রায় চার হাজার মানুষকে। অথচ ছয়-সাত লাখ টাকা ব্যয়ে একটি ছোট সেতু নির্মাণ করে দিলেই এ সমস্যার সমাধান হয়ে যেত। সরেজমিনে মেরুং ইউনিয়নের গ্রামগুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদের পাশের গ্রামীণ সড়ক দিয়ে অল্প কিছুদূর গেলেই বড় মেরুং ছড়া। ওই ছড়া পেরিয়েই জালবান্ধা, জুরজুরি, গুলছড়ি, বড় মেরুং, বাইন্যাপাড়া, কুলিপাড়া ও ধুমপাড়া গ্রামের মানুষ উপজেলা সদর ও হাট-বাজারসহ অন্য এলাকাগুলোতে যাতায়াত করেন। ছড়া পেরিয়েই সাত গ্রামের শিক্ষার্থীদের মেরুং উচ্চবিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। ছড়ার ওপর রয়েছে একটি বাঁশের সাঁকো। শুষ্ক মৌসুমে সাঁকোটি দিয়ে মানুষ কোনোরকমে যাতায়াত করতে পারলেও বর্ষাকালে তা সম্ভব হয় না। কারণ তখন পাহাড়ি ঢলের পানিতে ছড়ায় তীব্র স্রোত দেখা দেয় এবং বাঁশের সাঁকোটি পানিতে ডুবে যায়। মেরুং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জালবান্ধা গ্রামের রিয়াজ চাকমার অভিযোগ, ‘সামান্য বৃষ্টি হলে বড় মেরুং ছড়াটি পানিতে ডুবে যায়। ফলে সবটুকু পথ এসেও পানির কারণে ওপাশের বিদ্যালয়ে যেতে পারি না আমরা।’সপ্তম শ্রেণীর ছাত্র মিকেল চাকমা বিদ্যালয়ে যেতে না পারা প্রসঙ্গে জানায়, ‘বিদ্যালয়ে যেতে না পারলে খুবই খারাপ লাগে। ছড়ায় স্রোতের যে টান তাতে শুধু আমরা নই আমাদের অভিভাবকেরাও ছড়া পেরোতে ভয় পান।’ একই রকম সমস্যার শিকার দশম শ্রেণীর ছাত্রী রিখিনা চাকমা জানায়, ‘বিদ্যালয়ের ক্লাস মিস করে ক্ষতি হলেও জীবন বাঁচানোর জন্য বিদ্যালয়ে যেতে পারি না।’ দুই অভিভাবক বৃষমুখী চাকমা ও লাবাইচন্দ্র চাকমা বলেন, ‘লেখাপড়ার ক্ষতি হচ্ছে জেনেও বর্ষায় আমরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাই না।’ অষ্টম শ্রেণীর ছাত্রী সুজিতা চাকমা ও দশম শ্রেণীর ছাত্রী জেনিয়া চাকমা ক্ষেভের সঙ্গে বলল, ‘সরকার অন্য এলাকার কত উন্নয়ন করে, অথচ আমাদের এ ছড়ার ওপর সামান্য একটি সেতু করে দিতে পারে না।’বড় মেরুং গ্রামের বাসিন্দা আবেদ আলী ও গদা সেন বলেন, ‘বর্ষায় আমরা যেন অন্য দেশে বসবাস করি। পাসপোর্ট-ভিসা ছাড়া যেমন অন্য দেশে যাওয়া যায় না, তেমনি মেরুং ছড়ার ওপর একটি সেতুর অভাবে বর্ষাকালে আমরা প্রায় ছয় শতাধিক পরিবার উপজেলা সদর কিংবা হাট-বাজার থেকে বিচ্ছিন্ন থাকি।’ মেরুং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বলেন, ‘ছড়াটি বিদ্যালয়ের খুব কাছে। ছয় সাত লাখ টাকা খরচ করে একটি সেতু নির্মাণ করলেই সমস্যার সমাধান হয়ে যেত।’ মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান বলেন, ‘আপনি সরেজমিনে দেখে গেলেন, লেখালেখি হলে সাত গ্রামের মানুষের দুঃখ লাঘব হলেও হতে পারে। আমি সরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থায় অনেক আবেদন নিবেদন করেছি, কিন্তু কাজ হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘ছোট্ট একটি সেতুর অভাবে এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবে—এমন ঘটনা আশ্চর্যজনক। আমি শিগগির সরেজমিনে পরিদর্শন করে কর্তৃপক্ষের কাছে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠাব।’