উপজেলা সদরে আসছেন আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে আসতে শুরু করেছেন আদিবাসীরা। ১ ফেব্রুয়ারি প্রত্যাহার করেছেন মার্কেট বর্জন কর্মসূচি। আগের মতো স্বাভাবিকভাবেই সারছেন কেনাকাটা। এ নিয়ে ব্যবসায়ীরাও খুশি। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আদিবাসীরা কর্মসূচি প্রত্যাহার করলেন।উপজেলা মসজিদ মার্কেটের মুদির দোকানি মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষ হলে আমরা ব্যবসায়ীরা নিরীহ আদিবাসীদের আশ্রয় দিয়ে থাকি। নিরাপদ এলাকায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু তার পরও সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। আদিবাসীরা কেনাকাটা না করলে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে। গত বুধবার থেকে আদিবাসীরা কেনাকাটা করতে শুরু করেছেন।’ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামে মোটরসাইকেলচালক আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসীদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আদিবাসী আহত হন। এর জের ধরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সহিংসতায় এক আদিবাসী নারী নিহত হন। ফলে ওই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এর পর থেকে আদিবাসীরা চার দফা দাবি নিয়ে উপজেলা সদরের মার্কেটগুলো বর্জনের ডাক দেয়।এ নিয়ে গত ৩০ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেহান উদ্দিন। বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র মো. আলমগীর কবির, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা প্রমুখ। এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা জানান, সভায় আদিবাসীদের কেনাকাটা করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দাবির পরিপ্রেক্ষিতে আবদুস সাত্তারের খুনিকে গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ক্ষতিপূরণ ও আদিবাসীদের ওপর হামলাকারী বিচার পর্যায়ক্রমে করা হবে। ইতিমধ্যে মামলাগুলো সচল করার নিদের্শ দেওয়া হয়েছে। আগামীতে আদিবাসী-বাঙালিদের নিয়ে আরও মতবিনিময় সভা হবে। বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, বাঘাইছড়িতে আদিবাসী-বাঙালি একে অপরের পরিপূরক। গত দুই মাসে উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আদিবাসীরাও তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেননি। বাঙালিদের ব্যবসাও ধস নেমে এসেছে। এতে উভয়ের ক্ষতি হয়েছে।