উপজেলা সদরে যাতায়াত বন্ধ করে দিয়েছে আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মামুন নামে বাঘাইছড়ি সদরের এক মোটরসাইকেল চালক নিখোঁজ হয়েছেন গত রোববার। বাঙালিদের সন্দেহ, আদিবাসী সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। এ নিয়ে সহিংসতার আশঙ্কায় আদিবাসীরা উপজেলা সদরে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। কোনো ধরনের সহিংসতা এড়াতে প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন বলে জানা গেছে। বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মুসলিম ব্লক গ্রামের মো. মামুন (২৬) নামে এক যুবক ১৫ জানুয়ারি নিখোঁজ হন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে সংসার চালান। তাঁর পারিবারিক সূত্র জানায়, ওই দিন সকালে ঘর থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি সদর চৌমুহনী এলাকা থেকে যাত্রী নিয়ে দিঘীনালার উদ্দেশে রওনা হন। রাত আটটার মধ্যেও মামুন বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে এ বিষয়ে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মামুনের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে আদিবাসীরা সদরে আসা বন্ধ করে দিয়েছেন। গত সোম ও মঙ্গলবার উপজেলা প্রশাসনের আদিবাসী কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে কার্যালয়ে আসেননি। উপজেলা সদরের কাচালং উচ্চবিদ্যালয় ও কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের আদিবাসী শিক্ষক-শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যাননি বলে জানা গেছে। কাচালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, মামুন নিখোঁজ হওয়ার পর থেকে কোনো আদিবাসী শিক্ষক-শিক্ষার্থী বিদ্যালয়ে আসেননি। এর আগের ঘটনার কারণে অনেক আদিবাসী শিক্ষার্থী সার্টিফিকেট (টিসি) নিয়ে অন্য স্কুলে চলে গেছে।মামুনের স্ত্রী সখিনা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। এখন আমি তিন বছরের শিশু কন্যাকে নিয়ে কোথায় যাব, কীভাবে বাঁচব কোনো উপায় দেখছি না।’ বাঘাইছড়ি বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. আবু কাইয়ুম বলেন, ‘আমরা আপাতত কোনো কর্মসূচি দিচ্ছি না। প্রশাসনকে বলা হয়েছে মামুনকে জীবিত অথবা মৃত উদ্ধার করার জন্য। আমাদের সন্দেহ পাহাড়ি সন্ত্রাসীরা মামুনকে খুন করেছে।’ জানা যায়, মামুনকে উদ্ধার ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সোমবার বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) মারিশ্যা জোনে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. মুনির হাসান, বাঘাইহাট সেনা জোনের মেজর মো. মেহেদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমনি চাকমা ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নঈম উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ মামুনকে উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর ইসলাম জানান, পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। নিখোঁজ মামুনকে উদ্ধারের জন্য প্রশাসন তৎপর রয়েছে। কোনো সহিংসতা ঘটতে দেওয়া হবে না।