উপজেলা সদরের কাছে অস্ত্র ও গুলি উদ্ধার, জনমনে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের কাছাকাছি ১৯ দিনের ব্যবধানে দুবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগের এক নেতা। সেনাবাহিনী উপজেলা সদরের কাছের এলাকা থেকে দুটি অস্ত্রসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে। এসব ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির নেতা নিরু চাকমা (৩৭) কবাখালী বাজার থেকে উপজেলা সদরে ফেরার পথে মাইনী সেতু এলাকায় আক্রান্ত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা কবাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহজাহান (৩৫) গুলিবিদ্ধ হন। এর ১৯ দিনের মাথায় ১৪ মার্চ রাতে উপজেলা সদরের উন্নয়ন বোর্ড আবাসিক এলাকায় পাহাড়ি ছাত্রপরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খেলুঅং মারমাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ঘটনার পর পর সেনাবাহিনী এলাকায় অভিযান চালায়। পরে পোমাংপাড়া এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে চীনের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি এবং সন্ত্রাসীদের ব্যবহার করা পোশাকসহ বেশ কিছু দলিলপত্র উদ্ধার করে তারা। এর আগে গত ২৪ জানুয়ারি একই এলাকা থেকে একটি দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের বেশ কিছু গুলি উদ্ধার করে। এ ধরনের অস্ত্রের ব্যবহারের ঘটনায় এলাকার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের উপজেলা শাখার সভাপতি তাহেরুল ইসলাম বলেন, ‘উপজেলা সদরের পাশে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। আমরা অনেক আগে থেকেই সন্ত্রাসী চাঁদাবাজি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় উদ্বেগ জানিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছি।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, জেএসএসের উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। দুটি ঘটনার পর পুলিশি টহল বাড়ানো হয়েছে।