উপজেলা সদরের কাছে থেকেও উন্নয়ন নেই ভিতর তারাবুনীয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পাকা সড়ক আর দুই কিলোমিটার পায়ে হাঁটা পথ পেরিয়ে ভিতর তারাবুনীয়া গ্রাম। উপজেলা সদরের এমন কাছের গ্রামের মানুষেরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানান ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত রয়েছে বছরের পর বছর। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে রয়েছে প্রচণ্ড ক্ষোভ। তাঁরা বলেন, ‘আমরা পাঁচ-ছয় কিলোমিটার দূরে হেঁটে গিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করি। ভোট শেষে আমাদের খবর আর কেউ রাখে না।’ তবে সমপ্রতি জাতিসংঘের সহায়তা কর্মসূচির জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্পের আওতায় পাড়া উন্নয়ন কমিটির মাধ্যমে গ্রামে আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়ায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে এলাকার লোকজন। জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্পের পাড়া কমিটির কর্মকর্তা ও গ্রামের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেল এমন ক্ষোভ ও আশার কথা।পাকা সড়ক থেকে গ্রামটিতে যাওয়ার একমাত্র ভরসা মেঠোপথ। ছয় শতাধিক বাসিন্দার এই গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। অর্ধমৃত পাহাড়ি একটি ছড়াই গ্রামবাসীর পানির একমাত্র ভরসা। ছড়াটি শুকিয়ে গেলে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয় তাদের। প্রতিবছর গ্রামে পানিবাহিত রোগে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় ছেলে-মেয়েদের পড়ালেখা করতে হয় চার-পাঁচ কিলোমিটার দূরের বিদ্যালয়ে গিয়ে। জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্পের পাড়া কমিটির আমন্ত্রণে গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের আদিবাসীদের বাসবাসের করুণ অবস্থা। গ্রামের মুরুব্বি দয়া মোহন চাকমা ও মৃণাল কান্তি চাকমা জানান, ১৯৮৬ সালে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতির সময় এ গ্রামের অর্ধশতাধিক পরিবার ভারতে না গিয়ে সাজেক পাহাড়ে আশ্রয় নিয়েছিল। ১৯৯৭ সালে শান্তি চুক্তি সম্পাদনের পর তারা গ্রামে ফিরে আসে। ভারত না যাওয়ায় রেশনের সুবিধা পায়নি তারা। বর্তমানে একমাত্র জুম চাষ ছাড়া গ্রামবাসীর আয়ের কোনো উৎস নেই। গত বছর জুমের সব ফসল নষ্ট করে দিয়েছিল ইঁদুর। তাঁরা জানান, গ্রামে বিশুদ্ধ পানির অভাবে প্রতিবছর ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। ২০১০ সালে ছড়ার পানি পান করে ডায়রিয়ায় সুভাষ চাকমা, সুজয় চাকমা ও শুক্র বিজয় চাকমা নামে তিনজন মারা গেছেন। বিদ্যালয় না থাকায় ছেলে-মেয়েদের চার-পাঁচ কিলোমিটার দূরে কবাখালী, তারাবুনীয়া ও হাচিনসনপুর হেঁটে গিয়ে পড়ালেখা করতে হয়। তারাবুনীয়া ছড়া থেকে পানি সংগ্রহের সময় কথা হয় মায়াদেবী চাকমাসহ কয়েকজন আদিবাসী নারীর সঙ্গে। তাঁরা জানান, এই ছড়ার পানি গ্রামবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শুষ্ক মৌসুমে ছড়াটি শুকিয়ে মরে যায়। তখন পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। এ ছাড়া, বর্ষায় আসা পানি অত্যন্ত নোংরা। আদিবাসী নারী সাধনা চাকমা, দয়ামুগী চাকমাসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোট এলে আমরা পাঁচ-ছয় কিলোমিটার দূরে হেঁটে গিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করি। ভোট শেষে আমাদের খবর আর কেউ রাখেন না।’ জনসমষ্টি প্রকল্পের পাড়া উন্নয়ন কমিটির সভাপতি মায়াজয় চাকমা জানান, গ্রামের ৯৮ শতাংশ মানুষ অক্ষরজ্ঞানহীন। বর্তমানে জাতিসংঘের সহায়তা কর্মসূচির জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গ্রামে পাড়া উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এখন জরুরি প্রয়োজন গ্রামের রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা। আমাদের খবর এতদিন কেউ রাখেনি, পত্রিকায় প্রতিবেদনের মাধ্যমের আমাদের দাবিগুলো জানাচ্ছি।’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির জেলা এক্সপার্ট (ডিই) বিক্রম কিশোর খীসা ও মাঠ তত্ত্বাবধায়ক অংক্যচে মারমা বলেন, ‘আমরা গ্রামবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খাতে মোট পাঁচ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে হলুদ চাষের জন্য দুই লাখ টাকা, নারীদের গরু পালনের জন্য দুই লাখ টাকা ও গ্রামের মানুষকে দাদনের কবল থেকে বাঁচানোর লক্ষ্যে এক লাখ ৪০ হাজার টাকা ধান ব্যাংক (কৃষকদের উৎপাদিত ধান জমা রাখার গুদাম) ঋণ দেওয়া হবে।’ তিনি জানান, ‘এ টাকার মালিক গ্রামের সবাই। কমিটির মাধ্যমে ধান ব্যাংক পরিচালিত হবে। গ্রামের কোনো লোকের টাকার প্রয়োজন হলে তিনি এ ব্যাংক থেকে ঋণ নিয়ে পরে তা শোধ করে দিতে পারবেন।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা বলেন, ‘গ্রামটি পরিদর্শনে না এলে উপজেলা সদরের কাছে এ ধরনের একটি অনুন্নত গ্রাম আছে তা জানতে পারতাম না। এখানে এসে নিজেরও খারাপ লাগছে। গ্রামের রাস্তা নির্মাণ ও বিশুদ্ধ পানির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’