কক্সবাজারের মহেশখালী পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কোন্দল এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এতে আগামী ১১ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে। নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, দীর্ঘ ১০ বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগ গত ১১ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিল। কিন্তু ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করার প্রস্তুতি নিয়েছিলেন দলের নেতা-কর্মীরা। এর মধ্যে মাতারবাড়ি, ধলঘাট, শাপলাপুর, বড়মহেশখালী, কুতুবজোম, হোয়ানক ও ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। তবে পৌরসভা ও কালারমারছড়া ইউনিয়নের সম্মেলন নিয়ে কোন্দল দেখা দেয় নেতা-কর্মীদের মধ্যে। জানা গেছে, গত ৫ জানুয়ারি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু একই দিনে উপজেলা আওয়ামী লীগের নেতারা কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে কোন্দলের সৃষ্টি হওয়ায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ওই দুই কমিটি বাতিল করে। গত ১৬ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা পরিষদের সম্মেলন কক্ষে কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু পৌর সম্মেলন শেষ না হওয়ায় ২২ মার্চ ও ২৮ মার্চ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এদিকে, ২১ মার্চ পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে নির্ধারিত সম্মেলনটি স্থগিত ঘোষণা করা হয়। পরে তারিখ নিয়ে একমত হতে না পারায় একপক্ষ পৌর সম্মেলন বর্জন করেন। কয়েকজন কাউন্সিলর জানান, সভাপতি প্রার্থী ও পৌর মেয়র মকছুদ মিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় পৌর সম্মেলনের তারিখ পেছানোর দাবি করেন তাঁর সমর্থকেরা। পরে পৌরসভার সম্মেলনের ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কক্সবাজার জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ৩১ মার্চ পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আগামী ৬ অথবা ৭ এপ্রিল পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। কিন্তু সাধারণ সম্পাদকের ঘোষিত তারিখ অনুযায়ী ৩১ মার্চ মহেশখালী পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে একটি পক্ষ অংশ নিলেও অপর পক্ষ বয়কট করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, ‘হঠাৎ করে অল্প সময়ের মধ্যে সব কাউন্সিলরকে ডেকে সম্মেলন করাটাই হাস্যকর। এই বানোয়াট কমিটি আমরা মানি না।’ পৌর কমিটি গঠন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ১১ এপ্রিল উপজেলা সম্মেলন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন আনোয়ার পাশা চৌধুরী।