
কাঠমান্ডু শহর থেকে পূর্বে টানা ৯ মাইল৷ যেখান থেকে সুউচ্চ পাহাড় শ্রেণি শুরু, তার ঠিক আগে সমতলে দাঁড়িয়ে এই প্রাচীন নগরটি। ভাটগাঁও নামে পরিচিত ছিল একসময়। এখন লোকে ভক্তপুর নামেই চেনে। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন নগর তোরণে উপস্থিত, ততক্ষণে হুহু করে বাতাস বইতে শুরু করেছে। হিমালয় থেকে উড়ে আসা বরফ মেশানো বাতাস কাঁপন ধরিয়ে দেয়। এই নগরদ্বারেই কারুকার্যখচিত অতিকায় দুটি সিংহ। এই জোড়া সিংহ দেখতে অনেকটা মিসরের পিরামিডে পাহারারত স্ফিংসের মতো।
নগর আগলে বসে থাকা সিংহ দুটি দেখিয়ে আমাদের গাইড রাজেশ শ্রেষ্ঠা শোনাল অদ্ভুত এক কাহিনি। ‘এই জোড়া সিংহ দুটো তৈরি হওয়ার পর পরাক্রমশালী ভাটগাঁওয়ের রাজা প্রধান কারিগরের দুটো হাত কেটে নিয়েছিলেন। যাতে করে এমন অদ্বিতীয় মূর্তি তিনি যেন আর গড়তে না পারেন!’ সত্যি বলতে কি, আমরাও দেখলাম, নেপালজুড়ে সিংহের ভাস্কর্যের ছড়াছড়ি থাকলেও এমন সুন্দর আর একটিও নেই।
নগরে অসংখ্য মন্দির। রাজেশ সবাইকে নিয়ে দাঁড় করাল শিবমন্দিরের সামনে। নেপালের বিখ্যাত পশুপতি মন্দিরের আদলে গড়া হয়েছে এই মন্দির। অন্য মন্দিরগুলো গড়নে, গঠনে, সৌন্দর্যে একদমই আলাদা। তবে এই শিবমন্দিরটি কেন পশুপতিনাথ মন্দিরের মতো? প্রশ্ন জাগতেই রাজেশ শ্রেষ্ঠা শোনাল, ‘এই ভাটগাঁও রাজা স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন, নগরের মঙ্গলার্থে পশুপতিনাথ মন্দিরের আদলে আরেকটি মন্দির গড়তে হবে। তাই তিনি ভারি যত্ন করে প্রাসাদের সামনেই প্রতিষ্ঠা করলেন, দ্বিতীয় পশুপতি মন্দির। এখনো এই মন্দিরের সামনে উত্সবে-পার্বণে পশু বলি দেওয়া হয়।’
আমরা সাকল্যে ১০ জন। ছড়িয়ে-ছিটিয়ে এটা-ওটা দেখছি। নানা মুনির যদি নানা মত হয়, তবে ১০ জনের যে ১০ রকম পছন্দ, তাতে আর সন্দেহ কী! মিথিলার মন্দিরে মন নেই, তাই আমরা যখন গভীর আগ্রহে মন্দিরের গায়ের ভাস্কর্য দেখছি, তখন মিথিলা রাজেশকে নিয়ে স্বর্ণ দরজায়। ‘প্রায় আড়াই শ বছর আগে ১৭৫৩ সালের দিকে এই স্বর্ণ দুয়ার তৈরি করেছিলেন রাজা রণজিৎ। তিনি যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই দরজা গড়েছিলেন৷ এগিয়ে গিয়ে মিথিলা দরজায় হাত দিতেই গোর্খা আর্মি দরজা আগলে দাঁড়াল। গার্ডকে না ঘাঁটিয়ে স্বর্ণ দুয়ার পেরিয়ে আমার প্রাসাদে ঢুকে গেলাম। খোদিত ফলকে দেখা যায়, ১৪২৭ সালে মল্লরাজ ইয়াকশা প্রাসাদটির গোড়াপত্তন করেন। রাজা ভূপাতিন্দ্র ১৭ শতকে প্রাসাদটিকে আরেক দফা বিস্তৃত করেন। সাড়ে পাঁচ শ বছরের পুরোনো এই প্রাসাদ ৫৫ জানালার প্রাসাদ নামেও পরিচিত। প্রাসাদের সামনেই সুউচ্চ স্তম্ভে রাজা ভূপাতিন্দ্রের স্বর্ণালি মূর্তি। সগৌরবে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে। দেখে ঘুরে শরীর ক্লান্ত হলেও মন ক্লান্ত হয় না৷ এমন সময় আরেক সঙ্গী আবরার খবর আনল, ‘এখানকার দই নাকি জগদ্বিখ্যাত। না খেলে জীবনই বৃথা।’ আমাদের ইশরাতও কলের পুতুলের মতো মাথা নেড়ে সায় দিল। এ দুজনের মত উপেক্ষা করা যায় না। গায়ে-গতরে দুর্বল হলেও তারা বিরাট ভোজনরসিক। তাই দই খেতেই হলো। খুঁতখুঁতে স্বভাবের সাথী, যে সাধারণ পানি খাবার আগেও শুঁকে দেখে, সেও অতি সাধারণ এক দোকানে বসে কয়েক ঘড়া দই খেয়ে হাঁসফাঁস করতে করতে হাসিমুখে ঘুরে বেড়াতে লাগল। পেটপূজা সেরে আবারও আমরা নগরের রাস্তায়। পথে পথে এলিফ্যান্ট টেম্পল, কেদারনাথ, রামেশ্বর, বদরিনাথ, গোপীনাথ টেম্পল দেখে দেখে এগোই। অস্ত্রধারী উগ্রচণ্ডী আর উগ্রভৈরবের কালো পাথরের মূর্তি আমাদের গতি মন্থর করে দেয়। দেখতে দেখতে সূর্যও ভাটশালা দেবীর মন্দিরের পেছনে চলে যায় একসময়। প্রাচীন মন্দিরের ছায়া আস্তে-ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। অগত্যা যাত্রা সাঙ্গ করে ফিরে চলি অধুনা শহরের দিকে। আর চোখভরা ভক্তপুরের জ্বলজ্বলে স্মৃতি৷
যেভাবে যাবেন
গত বছরের ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ প্রায় সারা দেশই ক্ষতিগ্রস্ত হয়। নেপালের ঐতিহ্যবাহী প্রাচীন তিনটি শহরের মধ্যে সবচেয়ে কম ক্ষতি হয়েছে ভক্তপুরের। এখনো টিকে আছে বড় বড় মন্দির আর স্থাপনাগুলো। কিছুদিন আগেই সাধারণ ট্যুরিস্টদের জন্য শহরটি আবারও খুলে দেওয়া হয়েছে। তাই এখন যেতে কোনো বাধা নেই৷ নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে কাঠমান্ডু শহর সামান্য পথ। অধিকাংশ পর্যটক থামেলেই রাত কাটান। থামেল থেকে নেপালের চতুর্দিকে যাতায়াত করা সহজতর। তবে যেখানেই থাকুন না কেন, পার্শ্ববর্তী কোনো বাসস্ট্যান্ড থেকে সরাসরি চলে যেতে পারবেন ভক্তপুরে। তারপর টিকিট কেটে টুক করে ঢুকে পড়ুন উপত্যকার নগরে।
