উপযুক্ত গরু

ছেলেবেলায় আমরা একটা বিশেষ গ্রুপে ছিলাম, যা মোটামুটি ধরনের ভয়ংকর বলা যায়! নিত্যনতুন অনেক কিছু আবিষ্কার করতাম আমরা। একবার আবিষ্কার করা হলো, চোখের কোনায় একটা ছিদ্র আছে, যেখানে বড় কোনো চুল পাকিয়ে নিয়ে ঢোকানোর পর ঘোরালে চরম মজা পাওয়া যায়! আমরা সেই মজাটাই নিচ্ছিলাম। এক বন্ধু এসে বলল, ‘আমাকেও দে।’ বললাম, ‘ওই গরুর লেজ থেকে একটা চুল নিয়ে আয়।’ বন্ধুটি লাফাতে লাফাতে গরুর কাছে গেল। গরুটি কেনা হয়েছিল কোরবানির জন্য। বন্ধুটির গায়ে তখন ঈদের নতুন লাল জামা! গরু ও লাল জামার আকর্ষণ কিংবা বিকর্ষণের সূত্রটার চাক্ষুষ প্রমাণ পেলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করলাম, বন্ধুটি গরুর শিংয়ের আগায় ঝুলছে!
ধপাস করে নিচে পড়ে যাওয়ার পর কাছে গিয়ে বললাম, ‘কী রে, ব্যথা পেয়েছিস?’ উত্তরে ও বলল, ‘ব্যথা পাব কেন? আরে আমি তো গরুর শক্তি পরিমাপ করলাম! আমাকে যখন শিংয়ের মধ্যে নিয়ে কিছুক্ষণ থাকতে পেরেছে, তখন বলাই যায় এই গরু কোরবানির জন্য উপযুক্ত!’
জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়