উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না লামার দুই লাখ মানুষ
প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসা বান্দরবানের লামা উপজেলা হাসপাতাল। এটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে প্রায় চার বছর আগে। কিন্তু এখনো কার্যক্রম চলছে ৩১ শয্যার লোকবল দিয়ে। এতেও রয়েছে চিকিৎসকের স্বল্পতাসহ নানা সংকট। তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার উপজাতি-বাঙালি দুই লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, উপজেলার জনগণের চিকিৎসা সমস্যার কথা বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিকে ২০০৮-০৯ অর্থবছরে ৫০ শয্যায় উন্নীত করে। ২০০৯ সালের ৩০ এপ্রিল কার্যাদেশ পেয়ে ১৮ মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে তা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর এক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম। চিকিৎসকেরা জানান, বর্তমানে ৩১ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের অভ্যন্তরীণ ও বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে অভ্যন্তরীণ বিভাগে প্রতিদিন চিকিৎসা নেয় ৪০ থেকে ৪৫ জন রোগী। এসব রোগীর বেশির ভাগই থাকে মেঝেতে বিছানা পেতে। ৩১ শয্যার জন্য বরাদ্দ ওষুধ এবং খাদ্য দিয়ে অতিরিক্ত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। জানা গেছে, শুরু থেকে ৩১ শয্যার এ হাসপাতালের বিভিন্ন পদে পর্যাপ্ত লোকবল, চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। এখানে বিভিন্ন বিভাগে নয়জনের জায়গায় চিকিৎসক আছেন মাত্র দুজন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদে গত বছরের ২০ জুলাই মো. শাহ আলম শরীফ যোগ দিলেও মাত্র এক দিন পর তিনি কর্মস্থল ত্যাগ করেন। এর পরবর্তী চার মাসে মাত্র চার-পাঁচ দিন হাসপাতালে আসেন তিনি। সর্বশেষ গত ৩০ নভেম্বর এক দিন এসে আড়াই মাসের ছুটির আবেদন জানিয়ে কর্মস্থল ত্যাগ করে এখনো হাসপাতালে আসেননি। বর্তমানে আবাসিক চিকিৎসক শফিউর রহমান মজুমদার ভারপ্রাপ্ত ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালন করলেও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় প্রায় সময় তাঁর পক্ষে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয় না। বর্তমানে চিকিৎসক হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। তবে তাঁর একার পক্ষে সব রোগী দেখা অসম্ভব হয়ে পড়ে। ২২ জানুয়ারি সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। শয্যার অভাবে বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে রোগীদের।এ রকম মেঝেতে থাকা রোগী আমির হোসেন জানান, সম্প্রতি এক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পর্যাপ্ত শয্যা না থাকায় তিন দিন ধরে মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফলে ঠান্ডায়ও কষ্ট পাচ্ছেন তিনি। তাঁর মতো বেশ কজন রোগীকে মেঝেতে চিকিৎসাধীন দেখা গেছে। সূত্র জানায়, কারিগরি লোক থাকা সত্ত্বেও লো-ভোল্টেজের কারণে এক্স-রে মেশিন সাত বছরেও চালু করা যায়নি। এ ছাড়া, এখানে অস্ত্রোপচারের জন্য অবেদন করার সরঞ্জাম (অ্যানেস্থেসীয়), ইসিজি ও আলট্রাসনোগ্রামের যন্ত্রপাতি নেই। ফলে সংশ্লিষ্ট রোগীদের উপজেলার বাইরে গিয়ে চিকিৎসাসেবা নিতে হয়। ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালে ৫০ শয্যার অনুপাতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ জন চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম থাকার কথা। এতে উপজেলার দুই লাখ মানুষ উপযুক্ত চিকিৎসাসেবা পেতেন। এদিকে হাসপাতাল ও বিভিন্ন ওয়ার্ডে বিরাজ করছে দুর্গন্ধময় পরিবেশ। চারদিকে ময়লার ছড়াছড়ি। হাসপাতালে সীমানা প্রাচীর না থাকায় হাসপাতালের ভেতর দিয়েই বাইরের লোকজন চলাচল করছে। অবাধে বিচরণ করছে গরু-ছাগল। বান্দরবান জেলা সিভিল সার্জন মং তে ঝ চিকিৎসক ও সরঞ্জাম-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসকের অভাবে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যাচ্ছে না। নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে সংকট অনেকটা নিরসন হবে। এ ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে।’