উপরি
পানের পিকটা ফেলে দিয়ে জোরসে দাঁত খোঁচাতে থাকেন শরিফ সাহেব। মাঝেমধ্যে তিনি একটু মিটিমিটি হাসছেন। কিন্তু হাসিটা সেভাবে বোঝা যাচ্ছে না, দাঁত খোঁচানোর কাঠিটার জন্য। তিনি মজা পাচ্ছেন। বেশ মজা পাচ্ছেন। ঘুষের জন্য লোকদের ফাইল আটকে দিলে এদের মুখটা যখন কাঁদো কাঁদো হয়ে যায়, তাঁর ভালো লাগে..., বেশ ভালো লাগে।‘ভাই, আপনি এসব কী বলছেন, এই কাজের জন্য তো আমার আপনাকে কিছু দেওয়ার কথা না। এইটা তো আপনার সরকারি দায়িত্ব।আমার কি দায়িত্ব, না দায়িত্ব তা আপনার কাছ থেকে জানা লাগবে না।‘দেখেন ভাই, আমি গরিব মানুষ, আমার ছোট ছোট বাচ্চা আছে। এত টাকা আমি কোথায় পাব?’বাচ্চা-কাচ্চা তো আমারও আছে। আপনার বোঝা উচিত...।‘আপনার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে...।’দেখেন ভাই, আমি খুবই ‘বিজি পাবলিক’। বাচ্চাদের চানমুখ দেখার অত টাইম নেই।শরিফ সাহেব হাসতে থাকেন। তাঁর খুবই মজা লাগছে। মাঝেমধ্যে এসব ক্ষেত্রে কিছু কিছু পাবলিক হাত-পা ধরে ফেলে। তখন তাঁর আরও মজা লাগে। প্রতিদিনের একঘেয়ে নয়টা-পাঁচটার অফিসে এটাই তো যা বিনোদন।তবে শরিফ সাহেব অবাক হলেন, লোকটার মুখের চামড়া কেমন জানি কঠিন হয়ে আসছে। কেমন জানি একটু লাল লাল, যেন এক্ষুনি ফেটে পড়বে। এবার লোকটা তীক্ষস্বরে বলে উঠল, ‘তোমার সন্তানদের ওপর অভিশাপ পড়বে...এই আশরাফউদ্দীন বলে গেলাম।’লোকটা আর অপেক্ষা করে না। হনহন করে বের হয়ে যায়। শরিফ সাহেবও বেশ চেঁচিয়ে বলে ওঠেন, ‘আমার পোলাপানের গায়ের চামড়াও আমার মতো...গন্ডারের চামড়া...অভিশাপ লাগবে না...। রিফ্লেক্ট করবে...বুঝলা?’সরকারি অফিস। চারটা বাজতে না বাজতেই খালি হতে শুরু করে। আজ শরিফ সাহেবও দ্রুত উঠে পড়লেন। আজ তাঁর মেয়েকে দেখতে আসার কথা। ছেলেপক্ষ ছবি দেখেছে। ওদের খুব পছন্দ হয়েছে। তা ছাড়া ছেলে খুবই মেধাবী। ভালো বংশের। এহেন ছেলে হাতছাড়া করা যায় না। বাসায় আজ তিনি নিজে গিয়ে আপ্যায়নের ব্যাপারটা তদারক করবেন, তাঁর আর তর সইছে না। দ্রুত বাসার পথে পা বাড়ালেন তিনি।বাসায় ফিরেই তাঁর কাছে মনে হলো কোন শ্মশানঘাটে চলে এসেছেন। সবারই মুখ থমথমে। তাঁর মেয়ে বীথি সেই যে দরজা আটকিয়েছে আর বের হচ্ছে না। তাঁর স্ত্রী দরজা ধাক্কাচ্ছেন তখন থেকে। শরিফ সাহেব কিছু বুঝতে পারছেন না। হঠাৎ তাঁর বোনের ছেলেটা এসে কানে কানে এক ফাঁকে বলে গেল যে ছেলেপক্ষ ‘না’ করে দিয়েছে। তাদের কোনো দূর সম্পর্কের আত্মীয় নাকি আজ সকালে শরিফ সাহেবের অফিসে গিয়েছিল। সে ছেলেপক্ষের কাছে ফাঁস করে দিয়েছে ঘুষখোর শরিফ সাহেবের কথা।শরিফ সাহেব কোনো কথা বলতে পারলেন না। তাঁর হাতেপায়ে হালকা কাঁপুনি দিচ্ছে। বন্ধ দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন তিনি। তাঁর বড্ড শীত করছে...।সাজিয়া আফরিনআইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়।