উপশহর হচ্ছে রাউজানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে উপশহর গড়ে তোলা হচ্ছে রাউজানে। রাউজান উপজেলার জঙ্গল রাউজান নামক স্থানে জমি অধিগ্রহণ করে ইতিমধ্যে মাটি ভরাট করা হয়েছে। উপশহরকে আকর্ষণীয় করতে এখন চলছে লেক খননের কাজ। জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যে প্লট বরাদ্দ পেতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। প্লটের জন্য আবেদন করার শেষ সময় ৬ ডিসেম্বর। আগামী বছরের শুরুতে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানা গেছে। এই উপশহরে থাকছে তিন ও পাঁচ কাঠার ২৭০টি প্লট। নির্ধারিত মূল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে এসব প্লট বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও এ বি এম ফজলে করিম চৌধুরী বিগত সংসদ নির্বাচনের প্রচারণায় রাউজানের দুই প্রান্তে দুটি উপশহর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয় লোকজনের মতে উপশহরটি গড়ে উঠলে সাংসদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে।উপশহরের অবস্থান: রাউজান উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে জঙ্গল রাউজান মৌজার অবস্থান। এই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে বন বিভাগের বনসম্পদ পরীক্ষণ ফাঁড়ির বিপরীতে প্রায় সাড়ে ১৮ একর জায়গায় উপশহর গড়ে তোলা হচ্ছে। প্রস্তাবিত উপশহরের পাশেই বিস্তীর্ণ পাহাড়ি টিলাভূমিতে আছে রাবার বাগান। এই এলাকার পাশেই রাঙামাটি জেলার কাউখালী উপজেলার অবস্থান। স্থানীয় প্রবীণ ব্যক্তি আবদুস ছামাদ জানান, এলাকাটি একসময় ঝোপজঙ্গলে ঢাকা ছিল। গত শতাব্দীর ষাট দশকেও এখানে জনবসতি ছিল না। স্থানীয় কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ বলেন, ‘এখানে উপশহর গড়ে তোলা হলে এলাকার চেহারা পাল্টে যাবে।’ জানতে চাইলে, গৃহায়ণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘১৮ দশমিক ২৭ একর ভূমিতে এই উপশহর হচ্ছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে গ্রহণ করা এই প্রকল্পটি পরিবেশ বান্ধব। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ সব রকম নাগরিক সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লাখ ১০ হাজার টাকা।’